ভালোবাসায় সিক্ত ড. কামাল

আয়োজনের উদ্যোগটি নিয়েছিলেন পরিবারের সদস্যরা ও কাছের কয়েকজন বন্ধু। কিন্তু ব্যক্তিটি যে ড. কামাল হোসেন। তাই সুশীল সমাজের সব স্তর ও শ্রেণির মানুষ সমবেত হয়েছিলেন তাঁর ৮০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে। তাঁদের ভালোবাসায় সিক্ত হলেন এই আইনজ্ঞ, রাজনীতিক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা যখন শুভেচ্ছা বক্তব্য শেষ করেন তখন রাত প্রায় ১১টা। কিন্তু সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুম তখনো পরিপূর্ণ। উপস্থিত সুধীবৃন্দের মধ্যে সামনের সারিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। তিনজন সাবেক প্রধান বিচারপতি—লতিফুর রহমান, মাহমুদূল আমীন চৌধুরী ও তাফাজ্জাল হোসেন। এই বক্তব্যের মাধ্যমেই অনুষ্ঠান শেষ হয়।
এর আগে আয়োজকদের অন্যতম অধ্যাপক রেহমান সোবহান তাঁর বক্তব্যে ড. কামাল হোসেনের কীর্তিময় জীবনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তাঁর আগে অনুষ্ঠানের উপস্থাপক ড. কামালকে কিছু বলার অনুরোধ জানালে তিনি বক্তব্য দেন।
কামাল হোসেন গতকাল বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত কিছু নিবন্ধের উল্লেখ করে বলেন, ‘আমার সম্পর্কে অনেক ভালো কথা লেখা হয়েছে। তার মধ্যে একটা বিষয় স্পষ্টভাবেই উল্লিখিত হয়েছে যে কামাল হোসেন খুব সরল একজন মানুষ, যাঁকে অনেকে বোকা ভাবেন। তিনি রাজনীতির মারপ্যাঁচ বোঝেন না। আর একটা কথাও আমার সম্পর্কে বলা হয় যে শত প্রতিকূল পরিস্থিতিতেও আমি আশাবাদী।’
ড. কামাল বলেন, ‘এই সব কথাই সত্য। তবে জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, রাজনীতির মারপ্যাঁচ যাঁরা বেশি বোঝেন বা বুঝেছেন, তাঁরা খুব বেশি কিছু করতে পারেননি। আর আশাবাদী হওয়া একটা বড় শক্তি।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনীতি করার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, সব সময় আশাবাদী না হলে তিনি বাংলাদেশ স্বাধীন করতে পারতেন না।
ব্যারিস্টার আমীর-উল ইসলাম কামাল হোসেনের ঐতিহাসিক ঘটনাবহুল রাজনৈতিক জীবনের বর্ণনা দেন। অনুষ্ঠানে প্রায় আট মিনিটের একটি ভিডিওচিত্রেও ড. কামালের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের প্রধান প্রধান ঘটনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইনজীবী সুব্রত চৌধুরী, রমজান আলী সিকদার, শরীফ ভূঁইয়া ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মেঘনা গুহঠাকুরতা।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী, রাজনীতিক, কূটনীতিক, সমাজকর্মী, শিক্ষাবিদসহ সুশীল সমাজের অগ্রগণ্য অনেক ব্যক্তি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও কয়েকটি বিদেশি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক নজরুল ইসলাম, পংকজ ভট্টাচার্য, মুজাহিদুল ইসলাম সেলিম, হায়দার আকবর খান রনো, খালেকুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, রাশেদা কে চৌধূরী, সাবেক মন্ত্রী এ কে খন্দকার, সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, সাবেক আইজিপি নুরুল হুদা, সাবেক সচিব ফারুক সোবহান, ব্যবসায়ী মীর নাসির হোসেন, মঈদুল হাসান, মালেকা বেগম, মফিদুল হক, শারমিন মুরশিদ, খোন্দকার ইব্রাহিম খালেদ, আলতামাশ কবির, স্বপন আদনান, তানভীর মোকাম্মেল, জিয়াউদ্দিন তারেক আলী প্রমুখ।