ভালোবেসে বিয়ে করায়...
‘বিয়ের আগে থেকে ওরা আমাকে পথ আগলে ধরে খারাপ কথা বলত, আমাকে উত্ত্যক্ত করত, এতেও তারা ক্ষান্ত হয়নি। সর্বশেষ ওরা আমার স্বামীকে অপহরণ করে মারপিটের পর মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে যায়।’ যশোরের মনিরামপুর উপজেলার আলীপুর গ্রামের বিশ্বজিৎ হালদারের স্ত্রী সুইটি (১৮) এ অভিযোগ করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বিশ্বজিৎকে পোড়াডাঙ্গা গ্রামের কয়েকজন বখাটে আলীপুর সেতুর কাছ থেকে অপহরণ করে পোড়াডাঙ্গা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে বেদম মারপিট করে। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়েছে ভেবে বখাটেরা তাঁকে ফেলে চলে যায়। রাত ১১টায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।গত মঙ্গলবার সকাল নয়টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ২ নম্বর শয্যায় বিশ্বজিৎ যন্ত্রণায় কাতরাচ্ছেন। শিয়রে বসা তাঁর মা স্মৃতি হালদার জানান, বছর দেড়েক আগে সুকুমার মণ্ডলের মেয়ে সুইটির সঙ্গে বিশ্বজিতের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরও বিধান, প্রণব, মিলন, প্রীতিশসহ কয়েকজন বখাটে নানাভাবে হুমকি দিত বিশ্বজিৎ ও তার স্ত্রীকে। আহত বিশ্বজিৎ বলেন, ‘আমি সুইটিকে ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু কেন ওই বখাটে সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলতে চায়, এর কোনো কারণ আমি খুঁজে পাইনি।’বখাটে বিধান, প্রণব ও মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে মিলনের বাবা যতীন মণ্ডল বলেন, ‘ধর্মীয় শাস্ত্রমতে ওদের বিয়ে হয়নি। এলাকার ছেলেরা সেটা মেনে নিতে পারছে না।’ প্রণব মণ্ডলের বাবা সিদ্ধেশ্বর মণ্ডল বলেন, ‘শুনেছি ভালোবেসে পালিয়ে বিয়ে করার বিষয়টি গ্রামের কেউ মেনে নিতে চাইচে না। তাই এলাকার কিছু লোক বিশ্বজিৎকে মারপিট করেছে। তবে ঘটনার সঙ্গে আমার ছেলে জড়িত নয়।’ মনিরামপুর থানার ওসি মো. ছয়রুদ্দীন বলেন, ‘বিশ্বজিতের বাবা নিতাই হালদার গত মঙ্গলবার সাতজনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন। তদন্তের পর মামলা নেব।’