ভাষা আন্দোলন নিয়ে চট্টগ্রামে চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের চেতনা শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করতে চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর। বায়ান্নর উত্তাল সেই দিনগুলোর দুর্লভ সব ছবি, দলিলপত্র, পত্রিকার ক্লিপিংস ঠাঁই পেয়েছে ‘মহান ভাষা আন্দোলন চিত্র প্রদর্শনীতে’। গতকাল শুক্রবার সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আঞ্চলিক কেন্দ্রে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনীতে ভাষাশহীদদের ছবির পাশাপাশি স্থান পেয়েছে শহীদ রফিকের ব্যবহৃত গামছা, লুঙ্গি ও তাঁর এসএসসি পাসের সনদ এবং শহীদ বরকতের বিএ পাসের সনদপত্রের আলোকচিত্র। ছিল শহীদ রফিকের গুলিবিদ্ধ হওয়ার সেই ছবিও।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা এবং বাউবির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে উঠেপড়ে লেগেছে। তাদের দোসর বিভিন্ন দেশও থাবা বিস্তারের চেষ্টা করছে। চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী। তিনি বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির বিকাশের যাত্রা শুরু হয়েছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এর পূর্ণতা পেয়েছে।
বাউবির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক বদরুল হায়দার চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রামেই প্রথম এই ধরনের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বাউবির শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করার জন্য এই আয়োজন করা হয়েছে।
বন্ধুদের নিয়ে প্রদর্শনী দেখতে আসা বাউবির শিক্ষার্থী শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এসব আলোকচিত্র আগে কখনো দেখিনি। অনেক কিছু জানতে পেরেছি।’
আরেক শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘প্রদর্শনীতে ভাষা আন্দোলনের অনেক দুর্লভ ছবি ও দলিলপত্র রাখা হয়েছে। এগুলো দেখে ভালো লেগেছে।’
আলোচনা অনুষ্ঠান শেষে ভাষা আন্দোলন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।