বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার জবানবন্দি দিয়েছেন তাঁর ছেলে সাজ্জাদ বিন আলীম (৪৭)। জবানবন্দির একপর্যায়ে সাজ্জাদ বিন আলীম দাবি করেন, তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বায়ান্নর ভাষা আন্দোলনে জড়িত ছিলেন এবং এ জন্য তিনি জেল খেটেছেন।
আজ সোমবার বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাজ্জাদ বিন আলীম জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জামিনে থাকলেও আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জবানবন্দিতে সাজ্জাদ বলেন, একাত্তরে তাঁর বয়স ছিল পাঁচ-ছয় বছর। তাঁর বাবা সম্ভাব্য পাকিস্তানি সেনাদের আক্রমণের আশঙ্কায় তাঁদের সবাইকে ১৬ বা ১৭ এপ্রিল জয়পুরহাট শহরের পাশে আউসগারা গ্রামে পাঠিয়ে দেন। এর কয়েক দিন পর তাঁর বাবা জয়পুরহাট শহর থেকে অন্যত্র আত্মগোপন করেন। কিছুদিন পর মাসহ তাঁরা ধামুরহাট থানার ধুরইল গ্রামে চলে যান। সেখানে তাঁর মা অসুস্থ হয়ে পড়েন। ওই গ্রামে থাকার কিছুদিন পর তাঁরা বুম্বু ইউনিয়নের হানাইল মাদ্রাসার পাশে মুসা মাওলানার বাড়িতে চলে যান। ওই বাসায় যাওয়ার পর মা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁরা মায়ের সেবা করতে থাকেন। দেশ স্বাধীন হওয়ার পর তাঁর মা মারা যান।
জবানবন্দিতে সাক্ষী বলেন, তাঁর বাবা একাত্তরে শান্তি কমিটি বা রাজাকার বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না এবং এ ধরনের কোনো প্রতিবেদন একাত্তরের কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি। তিনি স্বাধীনতাবিরোধী বা হিন্দুবিরোধী কোনো বক্তব্য দিয়েছিলেন এমন কোনো বক্তব্যও কোনো স্থানীয় বা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়নি। তাঁর বাবা একাত্তরে কোনো নির্বাচনে অংশ নেননি এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত নন। তিনি কোনোদিন কোনো হিন্দুর জমি দখল করেননি এবং এ বিষয়ে কোনো হিন্দু তাঁর বিরুদ্ধে মামলাও করেনি। তাঁর বাবা বিএনপির রাজনীতির একনিষ্ঠ কর্মী ও একসময় মন্ত্রী ছিলেন বলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
জবানবন্দিতে সাজ্জাদ প্রকাশিত বিভিন্ন পত্রিকার কিছু প্রতিবেদন, মুক্তিযুদ্ধবিষয়ক বই ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। সাজ্জাদের জবানবন্দি শেষে তাঁকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।