ভাষা আন্দোলনের ইতিহাস ছিনতাই হয়ে গেছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার এক আলোচনা সভায় দলটির নেতারা বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতির মহড়া চলছে। প্রতিদিন নতুন নতুন ভাষাসৈনিকের জন্ম হচ্ছে। তাঁরা পরবর্তী প্রজন্মের জন্য ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি করেন।জামায়াতে ইসলামী ঢাকা মহানগর শাখা রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ বলেন, বামপন্থীরা বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস ছিনতাই করেছে। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটের মতো নতুন নতুন ভাষাসৈনিক জন্ম নিচ্ছে। তাঁর দাবি, ভাষা আন্দোলন হয়েছিল তমুদ্দিন মজলিশের মাধ্যমে। এটি ছিল ইসলামী আদর্শে উজ্জীবিত সংগঠন। ওই আন্দোলনকে সম্মান জানাতে সর্বস্তরে বাংলা চালু এবং ইসলামী শিক্ষা-সংস্কৃতির ভিতকে শক্ত করতে হবে।জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম আজহারুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনের কারণে গোলাম আযম তিন বার কারাভোগ করেছিলেন। চাকরিচ্যুত হয়েছিলেন। আর কেউ ওই আন্দোলনে এতবার কারাভোগ করেননি। জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনিম আলম বলেন, জামায়াতে যোগ না দিলে ভাষা আন্দোলনের অবদানের জন্য গোলাম আযমকে মাথায় তুলে রাখা হতো। কিন্তু তিনি জামায়াতে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে।ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।