ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতি বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছে একুশে চেতনা পরিষদ। সংগঠনের নেতাদের দাবি, ভাষা আন্দোলনের কোনো জনক নেই। অথচ ভাষা আন্দোলন মিউজিয়াম নামে ধানমন্ডিতে যে জাদুঘর করা হয়েছে, সেখান থেকে ভাষা আন্দোলনের জনক তৈরি করা হচ্ছে। ইতিহাস বিকৃতি ও নতুন নতুন ভাষাসৈনিকের জন্ম দিচ্ছে।গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে চেতনা পরিষদের পুনর্গঠিত কমিটির কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে পরিষদের নেতারা এ অভিযোগ করেন। তাঁরা বলেন, পরাজিত শক্তি এই কাজ করছে।১৯৮৬ সালে সাভারে ভাষাসৈনিকদের মহাসমাবেশে দেওয়া ব্যক্তিদের বক্তব্য ও পঠিত নিবন্ধ সংকলন করে মুক্তি সংগ্রামের রক্তফলক একুশে ফেব্রুয়ারি শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশ করেছে একুশে চেতনা পরিষদ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গ্রন্থটি দেখানো হয়।চেতনা পরিষদের সভাপতি ও ভাষাসৈনিক আহমদ রফিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ভাষা আন্দোলনের কোনো জনক ছিল না। ভাষা আন্দোলন মিউজিয়াম থেকে ভাষা আন্দোলনের বিকৃতি ও চরিত্র হরণ করা হচ্ছে। আহমদ রফিক আরও বলেন, একুশের চেতনা পরিষদ আশির দশকে গঠিত হয়। এত দিন এর কার্যক্রম কিছুটা স্থবির ছিল। ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতির প্রেক্ষাপটে তরুণদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হয়েছে।সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল লোহানী বলেন, ভাষা আন্দোলনের জনক বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। সংবাদপত্রে প্রতিদিন নতুন নতুন ভাষাসৈনিকের উত্থান দেখা যাচ্ছে। তিনি বলেন, গোলাম আযম মজুলম নেতা হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ভাষাসৈনিক হিসেবে স্বীকৃতি নেওয়ার চেষ্টা করেছিলেন। এখনো এই চেষ্টা অব্যাহত আছে।পরিষদের সহসভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, ভাষা মিউজিয়ামের সঙ্গে পাল্টাপাল্টি করবেন না তাঁরা। তবে যেভাবে ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, তা তাঁরা সত্য দিয়ে প্রতিহত করবেন। সংগঠনের আরেক সহসভাপতি সাঈদ হায়দার সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে একুশে চেতনা পরিষদের যুগ্ম সম্পাদক সৈয়দ জিয়াউল হক, সদস্য শরফুদ্দীন আহমেদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।