ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় হাইকোর্টের আট নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে প্রকৃত ভাষাসৈনিকদের তালিকা তৈরি করে গেজেট আকারে তা প্রকাশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মো. মমতাজউদ্দিন ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আট দফা নির্দেশনা দিয়ে এ রায় দেন।কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা রক্ষা এবং শহীদ মিনারের পাশে জাদুঘর স্থাপনের নির্দেশনা চেয়ে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী এ রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় দেন।আট নির্দেশনা: এক. ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষার্থে কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে নির্দেশ দেওয়া হলো। ওই এলাকায় ভবঘুরে লোকজনের আনাগোনা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে পাহারার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুই. শহীদ মিনারের মূল বেদিতে সভা-সমাবেশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। তবে মূল বেদিতে ফুল দেওয়া যাবে। ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান করা যাবে। আর বেদির পাদদেশে সভা-সমাবেশ করা যাবে। একই সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে তিনজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হলো। তিন. ভাষা আন্দোলনের শহীদদের মরণোত্তর পদক ও জীবিতদের জাতীয় পদক প্রদান করতে হবে। চার. জীবিত ভাষাসৈনিকেরা আর্থিক সহায়তা চাইলে তা প্রদানের নির্দেশ দেওয়া হলো। পাঁচ. বিশ্ববিদ্যালয় ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও এর মর্যাদা রক্ষা করতে হবে। ছয়. শহীদ মিনারের পাশে একটি গ্রন্থাগারসহ জাদুঘর প্রতিষ্ঠা করা এবং ওই জাদুঘরে ভাষা আন্দোলনের ইতিহাস-সমৃদ্ধ তথ্যপঞ্জিকা রাখার নির্দেশ, যাতে আগত ব্যক্তিরা এ সম্পর্কে জানতে পারেন। সাত. ভাষাসৈনিকদের প্রকৃত তালিকা তৈরির জন্য কমিটি গঠন করা এবং ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে ওই তালিকা গেজেট আকারে প্রকাশের নির্দেশ। আট. ভাষাসৈনিকদের সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং সাধ্যমতো সরকারি সুযোগ নিশ্চিত করা।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম শুনানিতে অংশ নেন।