ভাষা আন্দোলনের ৬০ বছর উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ
মহান ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক মুদ্রা প্রকাশ করেছে। ৬০ টাকার এই স্মারক নোটটি গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন ভাষাসৈনিক মুর্তজা বশীর।এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভাষাসৈনিক আবদুল মতিন, আহমদ রফিক, সাঈদ হায়দার, প্রতিভা মুৎসুদ্দি, কামাল লোহানী, ক্যাপ্টেন এম রহমান, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর কন্যা অধ্যাপক শাহীন কবীর, নোটের ডিজাইনার ও উপদেষ্টা কমিটির সদস্য মুস্তাফা মনোয়ার, কে জি মুস্তাফা, চারুকলা অনুষদের ডিন এমদাদুল হক, মো. মতলব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ১৯ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এই স্মারক মুদ্রার নোটটি পাওয়া যাবে। ফোল্ডার ও খামসহ প্রতিটি স্মারক নোটের দাম ২০০ টাকা এবং শুধু নোট ৬০ টাকায় সংগ্রহ করা যাবে।