ভাষা আন্দোলনের ৬০ বছরে সংগ্রামীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতে তাঁরা লড়াই-সংগ্রাম করেছেন একসঙ্গে। ষাট বছর পর আবার মিলিত হলেন এক কাতারে। একই অনুষ্ঠানে। দাবি জানালেন সর্বস্তরে বাংলা ব্যবহারের। রাজধানীর শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত ভাষাসংগ্রামীদের দুই দিনের এ সম্মেলন গতকাল শুক্রবার পরিণত হয় মিলনমেলায়। একুশে চেতনা পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ৫০ জন ভাষাসংগ্রামী যোগ দেন।গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন ভাষাসংগ্রামী আবদুল মতিন। সমবেত ভাষাসংগ্রামীরা উদীচীর শিল্পীদের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের সঙ্গে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।আবদুল মতিন বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন ছিল একটা যুদ্ধ। বাঙালির ঐক্যবদ্ধ শক্তির কাছে সেই যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল পাকিস্তানিরা। আবারও বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে। কেননা ৬০ বছর পেরিয়ে গেলেও আমাদের প্রকৃত দাবিগুলো বাস্তবায়িত হয়নি। যত দিন না সর্বস্তরে বাংলার প্রচলন হচ্ছে, যত দিন মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ভাষাসংগ্রামীরা যান শিল্পকলা একাডেমীতে। সেখানেই হয় মূল অনুষ্ঠান। শুরুতেই ছিল সেমিনার। এতে অধ্যাপক রফিকউল্লাহ খানের ‘ভাষা আন্দোলন এবং প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামের প্রবন্ধ পাঠ করেন বৃন্তা রায়। এতে বলা হয়, ভাষা আন্দোলনই ছিল এ দেশের স্বাধীনতা, স্বাধিকার আন্দোলনসহ পরবর্তী প্রতিটি আন্দোলনের প্রেরণা। তবে সর্বস্তরে বাংলা চালুর যে স্বপ্ন ভাষাসংগ্রামীদের ছিল, সেটি বাস্তবায়িত হয়নি। প্রত্যাশার তুলনায় অপ্রাপ্তি অনেক।উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি, ভাষাসংগ্রামী ও একুশে চেতনা পরিষদের সভাপতি আহমদ রফিক বলেন, ‘শুধু কথা নয়, স্বপ্ন নয়, আসুন, আমরা কাজে নেমে বায়ান্ন, ঊনসত্তর, একাত্তরের প্রত্যয়ে নতুন করে উদ্ভাসিত হই, লক্ষ্য অর্জনে সফল হই...এ সমাবেশ থেকে আসুন, আমরা নতুন সংগ্রামের ডাক দিই বাংলা ভাষাকে সর্বস্তরে চালু করার।’একুশে চেতনা পরিষদের সাধারণ সম্পাদক কামাল লোহানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ অনেককেই ভাষাসংগ্রামীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি। অথচ, ভাষাসংগ্রামীরা ঠিকই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।’ভারতের ত্রিপুরা থেকে আসা সাংবাদিক গৌতম দাস বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেরণা শুধু বাংলাদেশে নয়, দেশে দেশে ছড়িয়ে পড়েছে এর চেতনা।’সংক্ষিপ্ত আলোচনার পর শুরু হয় ভাষাসংগ্রামীদের স্মৃতিচারণা। একে একে কথা বলেন ভাষাসংগ্রামী প্রতিভা মুৎসুদ্দী, সমীর আহমেদ, জিয়াদ আলী, সাঈদ হায়দার, গোলাম আরিফ টিপু, রণেশ মৈত্র, আবদুর রাজ্জাক প্রমুখ।সম্মেলনে আসা ভাষাসংগ্রামীদের বেশির ভাগই বয়সের ভারে ন্যুব্জ। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। অনেকেই ৯০ ছুঁইছুঁই। তার পরও তাঁদের তেজোদীপ্ত কথা, একুশের স্মৃতিচারণা শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যায় উত্তাল সেই দিনগুলোয়। বহুদিন পর সহযোদ্ধাদের একসঙ্গে পেয়ে ভাষাসংগ্রামীরা ছিলেন উচ্ছ্বসিত।দুই দিনের সম্মেলনের সমাপনী দিন আজ শনিবার। আজও বেলা ১১টা থেকে থাকছে ভাষাসংগ্রামীদের আলোচনা। এ ছাড়া হবে ক্রেস্ট প্রদান, সম্মাননা ও স্মৃতিচারণা।