ভাষা ও দেশকে জানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল ভাষা প্রতিযোগের প্রশ্নপর্বে হাত তুলে এভাবেই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা শিক্ষার্থীদের । ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল ভাষা প্রতিযোগের প্রশ্নপর্বে হাত তুলে এভাবেই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা শিক্ষার্থীদের । ছবি: সৌরভ দাশ

উৎসবের আবহে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের এনায়েত বাজার রেলওয়ে হাস-পাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চ-বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকলেও পরে মেঘ সরে গিয়ে সূর্যের পূর্ণ প্রকাশ ঘটে। ফলে উৎকণ্ঠার ভার নেমে যায় আয়োজক ও অংশগ্রহণ-কারীদের মন থেকে।
সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক।
প্রধান শিক্ষক উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘ভাষার নামে একটি দেশের নাম—এমন ব্যতিক্রম আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ভাষার অস্তিত্বের সঙ্গে মিশে আছে আমাদের সমাজের, জাতির অস্তিত্ব। তাই ভাষাচর্চার মাধ্যমে দৈনন্দিন জীবনে ভাষার সঠিক ব্যবহার জানতে হবে।’
সকাল সোয়া ১০টায় শুরু হয় ৪০ মিনিটের লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের নানা বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ অতিথিরা। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক রেজা, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজের উপাধ্যক্ষ মো. আইয়ুব ভূঁইয়া, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষক নজরুল ইসলাম ও ফেরদৌস আরা বেগম। প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে গান ও কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার দুই সদস্য ও শিক্ষার্থীরা।
পুরস্কার বিতরণ পর্বের শুরুতে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্যের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। পরে সংক্ষিপ্ত বক্তৃতায় সাজ্জাদ শরিফ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব নিতে হবে তোমাদের। তোমরা এ দেশকে নৈতিক ও সৎ উপায়ে তুলে ধরবে, যাতে বিশ্ববাসী বাংলাদেশকে মনে রাখে। আর এ জন্য ভাষাকে জানতে হবে, দেশকে জানতে হবে।’ এইচএসবিসির করপোরেট সাসটেইনেবিলিটি ম্যানেজার আবদুল্লাহ আল জোবায়ের বলেন, ‘আমরা ১০ বছর ধরে এ আয়োজন করছি। আমাদের লক্ষ্য ছিল, শিক্ষার্থীদের মধ্যে ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগানোর মাধ্যমে তাদের মাতৃভাষার প্রতি আরও আগ্রহী করে তোলা। বহু শিক্ষার্থীর মধ্যে সেটার প্রতিফলন ঘটেছে।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
চূড়ান্ত প্রতিযোগিতায় প্রাথমিক, নিম্নমাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক বিভাগ থেকে ১৫ জন করে মোট ৬০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রত্যেককে দেওয়া হয় সনদ, বই, মেডেল এবং চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার চিঠি। প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছে নিম্নমাধ্যমিক বিভাগ থেকে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী সুদীপ্ত পাল।
প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সহযোগিতায় গতকালের ভাষা প্রতিযোগ উৎসবে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী ও চট্টগ্রামের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

চট্টগ্রাম নগরের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল ভাষা প্রতিযোগে বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা । প্রথম আলো
চট্টগ্রাম নগরের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল ভাষা প্রতিযোগে বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা । প্রথম আলো