
সাহিত্যিক ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের মানুষের বাংলা ভাষার ব্যবহার দেখে দুঃখ পাই। ভাষার ব্যবহার আর রাজনীতিচর্চা থেকে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে।’
নিজের ৮০তম জন্মবার্ষিকীতে তাঁকে দেওয়া সংবর্ধনার জবাবে আবদুল গাফ্ফার চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—গানটি লেখার জন্য আমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। কিন্তু আমি এই কালের বাঁশি বহনের যোগ্য নই।’ তিনি গানটি লেখার পেছনের ইতিহাস তুলে ধরেন।
আবদুল গাফ্ফার চৌধুরীর ৮০তম জন্মবার্ষিকী জাতীয় সংবর্ধনা কমিটি গতকাল শুক্রবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা গাফ্ফার চৌধুরীকে টেলিফোনে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জন্মদিনের উপহার হিসেবে এক্সিম ব্যাংকের সৌজন্যে গাফ্ফার চৌধুরীকে উপহার হিসেবে ২১ লাখ টাকা দেওয়া হয়। একুশে ফেব্রুয়ারি নিয়ে গান লেখার জন্য এই অর্থ দেওয়া হয়।
সাহিত্যিক গাফ্ফার চৌধুরী বলেন, স্বাধীনতার এত বছর পর মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা নিরপেক্ষতার নামে মৌলবাদকে সমর্থন করে যাচ্ছে, তাদের উত্থানে উৎসাহ জোগাচ্ছে। নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি সৎ ব্যক্তি, পিতা বা নাগরিক না হলেও আমি আমার কলমের সততা রেখেছি।’
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। এতে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ভাষাসৈনিক আহমদ রফিক, সৈয়দ শামসুল হক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক সচিব মোকাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, আসন্ন নির্বাচনে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রার্থী মিনা রহমান প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর কবির প্রমুখ।