ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাত উঁচিয়ে প্রশ্ন করার জন্য অতিথিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা দুই শিক্ষার্থীর। গতকাল কুড়িগ্রামে ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে । ছবি: প্রথম আলো
হাত উঁচিয়ে প্রশ্ন করার জন্য অতিথিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা দুই শিক্ষার্থীর। গতকাল কুড়িগ্রামে ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে । ছবি: প্রথম আলো

বিশ্বের দরবারে বাংলা ভাষাকে তুলে ধরতে হবে। যে জাতি ভাষার জন্য প্রাণ দিতে পারে, তারাই নিজের ভাষাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে। নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে।
গতকাল শনিবার কুড়িগ্রামে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ উৎসবে অতিথিরা এসব কথা বলেন। এবার ভাষা প্রতিযোগের এ আয়োজনের ১০ বছর পূর্তি হলো। এ বছর উৎসবের সহযোগিতায় রয়েছে গণসাক্ষরতা অভিযান।
কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ খালেদ সিদ্দিকী। এ সময় ভাষা প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো. দানীউল হক। জাতীয় পতাকা উত্তোলনকালে পরিবেশিত জাতীয় সংগীতের সঙ্গে কোরিওগ্রাফি প্রদর্শন করে প্রথম আলোর চর বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। উপস্থিত ছিলেন বহু শিক্ষক ও অভিভাবক। সকাল আটটা থেকে দূর-দূরান্তের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করে। ভাষার তোরণ, রঙিন পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠান চত্বর। পুরো আয়োজনে ছিল উৎসবের আবহ। ৪০ মিনিট পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নানা বুদ্ধিদীপ্ত ও মজার প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ অতিথিরা। তাঁরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো. দানীউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মঞ্জুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মণ্ডল ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ। বক্তব্য দেন এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল জোবায়ের, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ফিরোজ জামান, কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন প্রথম আলোর ব্র্যান্ড নির্বাহী কাজী রেজাউল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মো. শাহাবুদ্দীন, শিক্ষাবিদ ও লেখিকা নন্দিতা চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে কুড়িগ্রামের প্রথম আলো বন্ধুসভা। চূড়ান্ত প্রতিযোগিতায় চার বিভাগের ৬০ জন বিজয়ীকে সনদ, বই ও মেডেল দেন অতিথিরা। প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী নাইম আহমেঞ্চদ।