ভাষা দিয়ে সম্পূর্ণ মানুষ হওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাষা ছাড়া কোনো সভ্যতা নেই, কোনো মানুষ নেই, মানুষের অস্তিত্ব নেই। ভাষা দিয়েই মানুষকে সম্পূর্ণ হতে হয়।’ এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১১-এর রাজশাহী অঞ্চলের উৎসবে শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।হাসান আজিজুল হক আরও বলেন, ‘তোমরা ভাষাহীন একটি পৃথিবীর কথা ভাবো তো! কোথাও কিছু লেখা নেই। কিছু বলতে পারবে না, জানতে পারবে না। মানুষের অস্তিত্ব প্রকাশ করে তার ভাষা।’ ভাষা প্রতিযোগ অনুষ্ঠানের আসর বসে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায়। কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন জাতীয় পতাকা ও বাংলা একাডেমীর সাবেক উপপরিচালক ফরহাদ খান ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন। এ সময় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগের আটটি জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থী উৎসবে অংশ নেয়।শুরুতে আধা ঘণ্টার লিখিত পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে প্রথম প্রশ্নটি ছিল পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী যুরাফা নাজিয়াতের। তার প্রশ্ন—বাংলা ভাষাটা মায়ের ভাষা, কিন্তু বাবার ভাষা নয় কেন? রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ভূমিকা আজাদের প্রশ্ন—কৃষ্ণ লিখতে কৃ-এর পরে ‘ষ’-এর সঙ্গে ‘ণ’ যুক্ত হয়, কিন্তু লেখার বেলায় ‘ষ’-এর সঙ্গে কেন ‘ঞ’-এর কুঁজোটা যুক্ত হয়? কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থী দেবারতী সরকারের প্রশ্ন—পাকিস্তানিরা প্রথম আমাদের ভাষার ওপরে আঘাত হেনেছিল কেন? মজার প্রশ্নের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, ‘এমন একদিন ছিল, আমরা উত্তর দিয়ে কাউকে খুশি করতে পারিনি। আর আজ প্রশ্ন করে আমাদের জব্দ করছ, এ জন্য পুরস্কার পাচ্ছ। এতেই বোঝা যায়, আমরা কতটা এগিয়েছি।’ শিক্ষার্থীদের প্রশ্নের আরও উত্তর দেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের শিক্ষক স্বরোচিষ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর ও বরেন্দ্র শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার দ্বীজেন ব্যানার্জি। এ পর্বে সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। তাঁর আহ্বানে শিক্ষার্থীরা দুই হাত তুলে মাদককে ‘না’ বলে। পুরস্কার বিতরণী পর্বের আগে চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা মৌমিতা তাসরিন নদী সংগীত পরিবেশন করেন। উপস্থিত শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে এবং গান গেয়ে সতীর্থ শিক্ষার্থীদের আনন্দ দেয়। এ পর্বে অতিথি ছিলেন হাসান আজিজুল হক, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবীরুল আলম ও এইচএসবিসির কর্মকর্তা এমদাদুল ইসলাম। প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ চার বিভাগের বিশেষ স্থান অধিকারী ৪০ জনসহ মোট বিজয়ী ৫২ জন শিক্ষার্থীর নাম ঘোষণা করেন। তাদের মেডেল, সনদ ও টি-শার্ট পরিয়ে দেওয়া হয়। হাসান আজিজুল হক রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের হাতে ভেন্যু-স্মারক তুলে দেন।