পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতি-গোষ্ঠীর শিশুরা নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পায় না। ভাষা না বোঝার কারণে এসব শিশুর বড় একটি অংশ বিদ্যালয় থেকে ঝরে পড়ে। দুর্গম যাতায়াতব্যবস্থা ও ভাষা সমস্যার কারণে দেশের অন্য এলাকার শিশুদের চেয়ে শিক্ষায় পিছিয়ে থাকছে তারা। এমনকি পাহাড়ে ঝরে পড়া শিশুর সংখ্যা দেশের অন্য এলাকার চেয়ে তুলনামূলক বেশি। গতকাল বুধবার সকালে রাঙামাটির বাঘাইছড়িতে ‘মাতৃভাষায় শিক্ষা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা: প্রয়োজন মাতৃভাষায় শিক্ষা’ বিষয়ে দুটি প্রবন্ধ পড়েন রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভায়ন চাকমা ও গীতিকার অমর শান্তি চাকমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, আগামী বছর থেকে পাহাড়ে নিজ নিজ ভাষায় প্রাথমিক শিক্ষা চালু হবে। দুর্গম অঞ্চলের শিশুদের জন্য স্থানীয় লোকজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তাঁরা শিশুদের সহজে পাঠদান করতে পারেন।
ইপসার বাঘাইছড়ি অঞ্চলের ব্যবস্থাপক শশী কিরণ চাকমার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম।
কর্মশালায় বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর মোহাম্মদ, কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক লালন কান্তি চাকমা ও মো. মীর কামাল হোসেন, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, শিক্ষক সমিতির সভাপতি মিন্টু বিকাশ চাকমা, খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ বিকাশ চাকমা, নব অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি চাকমা, নিউলাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলোময় চাকমা প্রমুখ।