ভাষা নিয়ে দিনভর আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৭-এর আঞ্চলিক প্রতিযোগ গতকাল শুরু হয়েছে পটুয়াখালীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। আঞ্চলিক উৎসবে বিজয়ীরা l ছবি: প্রথম আলো
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৭-এর আঞ্চলিক প্রতিযোগ গতকাল শুরু হয়েছে পটুয়াখালীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। আঞ্চলিক উৎসবে বিজয়ীরা l ছবি: প্রথম আলো

‘বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে রবীন্দ্রনাথ-নজরুল তাঁদের সাহিত্যে বাংলাদেশ শব্দ ব্যবহার করলেন কীভাবে?’ ‘কোলন লেখার সময় বিন্দু কি বিসর্গের মতো হবে, না ভরাট হয়ে যাবে?’ প্রশ্নের যেন শেষ নেই। এমন প্রশ্ন আর এর জবাবসহ বিভিন্ন আয়োজনে গতকাল শনিবার পটুয়াখালীতে হয়ে গেল আঞ্চলিক ভাষা প্রতিযোগ।

পটুয়াখালীর এই আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৭-এর কার্যক্রম। গতকালের উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পটুয়াখালী জেলার মোট ৮৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। বাংলা ভাষার গৌরব সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানিয়েছে তারা।

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উৎসবস্থলে সকাল আটটা থেকেই দূরদূরান্তের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। নয়টার মধ্যেই প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায়। প্রতিযোগে অংশ নিতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের মধ্যেও ভাষা নিয়ে কাজ করেছে উচ্ছ্বাস। পুরো আয়োজনে ছিল উৎসবের আবহ।

সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী। পরে অতিথিরা বেলুন উড়িয়ে প্রতিযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, ‘শুধু একটি ভাষাকে কেন্দ্র করে, ভাষার মর্যাদা রক্ষার অগ্নিশপথ নিয়ে একটি স্বাধীন দেশের সৃষ্টি হয়েছে—বিশ্বে এমন দেশ দ্বিতীয়টি নেই। আমরা গর্বিত যে জাতি হিসেবে আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আমাদের দেশ বাংলাদেশ।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল শিক্ষার্থীদের বলেন, ভাষা প্রতিযোগের মতো এ ধরনের উৎসব শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলবে। এর মধ্য দিয়ে শুদ্ধ বাংলা চর্চা হবে এবং বাংলা ভাষা সমৃদ্ধ হবে।

উদ্বোধনের পর চারটি বিভাগের প্রতিযোগীরা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে উৎসব মঞ্চে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। নানা ধরনের বুদ্ধিদীপ্ত প্রশ্ন আসতে থাকে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা।

শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন-অর-রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব মণ্ডল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মু সাইফুল ইসলাম।

প্রশ্নোত্তর পর্ব শেষে শুরু হয় ‘বানান বীর’ নামে মজার প্রতিযোগিতা। মূল পরীক্ষার বাইরে পাঁচ মিনিটের শুদ্ধ বানান প্রতিযোগিতার মধ্য দিয়ে ১০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। মামুন-অর-রশীদের উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে এই পর্ব। এতে প্রথম ও দ্বিতীয় হয় বরিশাল জিলা স্কুলের জুবায়ের আল মাহমুদ ও শওকত হোসেন এবং তৃতীয় হয় বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রিয়াজুল জান্নাত।

অনুষ্ঠানে প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের মধ্যে দেশের গান পরিবেশন করে আফরিতা নুজহাত, জান্নাতুন মাওয়া, আনিকা হোসেন, সোহানা, দীন ইসলাম, সহদেব দাস, আদ্রিত, তাওহিদুল ইসলাম, জিন্নাতুন নেছা ও শারমিন আক্তার। অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা রাফাত সংগীত পরিবেশন করেন।

দুপুরে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। চার বিভাগের ৬০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তারা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেবে।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ও ভাষা প্রতিযোগ-২০১৭-এর সমন্বয়ক অরুণ বসু। এবার ভাষা প্রতিযোগের এ আয়োজন ১৩ বছর পূর্তি হলো। এ বছর উৎসবের সহযোগিতায় রয়েছে গণসাক্ষরতা অভিযান।