ভাষা নিয়ে দিনভর আনন্দযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে গতকাল সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে িশক্ষার্থীদের সঙ্গে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৭-এর জাতীয় উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও অতিথিরা l প্রথম আলো
বেলুন উড়িয়ে গতকাল সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে িশক্ষার্থীদের সঙ্গে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৭-এর জাতীয় উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও অতিথিরা l প্রথম আলো

ভাষার পরীক্ষা তো ছিলই। অংশগ্রহণকারীদের কাছে এটা হলো পরীক্ষা পরীক্ষা খেলা। তার সঙ্গে আরও ছিল গান, আবৃত্তি, অভিনয় আর জাদুর চমক। আর সবকিছু ছাপিয়ে ওঠা পুরস্কারজয়ের গৌরবময় আনন্দ। এসব নিয়েই গতকাল শুক্রবার সম্পন্ন হলো এইচএসবিসি-প্রথম আলো ত্রয়োদশ ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব।
সাতসকালেই রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে জড়ো হয় দেশের ১২টি অঞ্চলের প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আর ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আজিজুল হক ও সৌরভ শিকদার। এরপরে অতিথিরা আকাশে উড়িয়ে দেন উৎসবের নামাঙ্কিত একগুচ্ছ বেলুন। প্রতিযোগের উদ্বোধন করে রেজওয়ানা চৌধুরী বলেন, ‘ভাষা ও দেশ সবকিছু একই সূত্রে গাঁথা। দেশের প্রতি ভালোবাসা শুরু হয় ভাষার প্রতি ভালোবাসা থেকে। বাংলা যদি ভালো করে শেখা যায়, তাহলে অন্য ভাষাগুলোর চর্চা হবে, শেখা যাবে। বাংলা ভালো করে না জানলে কোনো ভাষাই ভালো করে শেখা যাবে না।’
মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ২০০৪ সাল থেকে এইচএসবিসি ও প্রথম আলো যৌথভাবে ভাষা প্রতিযোগ উৎসবের আয়োজন করে আসছে। তিন বছর ধরে গণসাক্ষরতা অভিযান এতে সহায়তা করছে। এ বছর ছিল ভাষা প্রতিযোগের ১৩তম আসর। এ পর্যন্ত সারা দেশের দেড় লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে ভাষা প্রতিযোগে।
এবারের আসরে আঞ্চলিক পর্যায়ের উৎসব শুরু হয় ১৮ মার্চ। ঢাকা, খুলনা, জয়পুরহাট, ফেনী, মানিকগঞ্জ, জামালপুর, পাবনা, চট্টগ্রাম, মৌলভীবাজার, ঝিনাইদহ, রংপুর ও পটুয়াখালীতে ১২টি আঞ্চলিক পর্যায়ের ৭৪৪ জন বিজয়ী গতকালের এই চূড়ান্ত জাতীয় উৎসবে অংশ নেয়। এবার জাতীয় প্রতিযোগে রংপুরের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জিম মিম সিদ্দিকী সেরাদের সেরা নির্বাচিত হয়েছে। বানান প্রতিযোগিতায় সেরা হয়ে ‘বানানবীর’ ট্রফি জিতে নিয়েছে ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ ফারিহা নুজহাত।
বরাবরের মতো উদ্বোধনী পর্বের পরেই শিক্ষার্থীরা বসে গেল পরীক্ষায়। পরীক্ষা শেষে জমানো উৎসবের পালা। সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। তিনি ‘১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন’ প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত, শিশুশ্রম বন্ধ করা এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করে শপথ পাঠ করান।
শপথের পর মঞ্চে আসেন প্রথম আলোর সহযোগী সম্পাদক, সাহিত্যিক আনিসুল হক। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বইও পড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা প্রচুর বই পড়ব, খেলাধুলা করব, কবিতা পড়ব, গান করব। আমরা সংগীতের চর্চা করব, প্রযুক্তি জানব, নাটক করব, তাহলেই আমরা সফল হব। কথায় শুধু বড় না হয়ে আমরা কাজে ভালো হব, ভালো কাজ করে বিশ্বকে দেখিয়ে দেব।’
এরপরের অংশ সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন। এ সময় দিনাজপুর জেলা স্কুলের শিক্ষার্থী আলভী হুদা শরৎকুমার মুখোপাধ্যায়ের ‘বঙ্গভূম’ কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করে। আবৃত্তির পরে মঞ্চে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়। শিক্ষার্থীরা একের পর এক মজার প্রশ্ন করে তাঁকে। এরপর উৎসবের মঞ্চের বড় পর্দায় ভাষা প্রতিযোগের গানের মর্মগীতির (থিম সং) সঙ্গে এবারের করা একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অভিনয়শিল্পী অপি করিম কি সেলফি তুলতে পছন্দ করেন? মঞ্চে তাঁকে পেয়ে কৌতূহলী শিক্ষার্থীদের প্রশ্ন। অপি বলেন, ‘একদম না। সেলফিতে পুরো শরীরটা দেখা যায় না। একটা হাত থাকে না, কেমন যেন বিকলাঙ্গ মনে হয়।’ শিক্ষার্থীর গাওয়া রবীন্দ্রসংগীতের সঙ্গে এক পাক নেচেও ভক্তদের আবদার মেটালেন।
এবারের উৎসবে আঞ্চলিক পর্যায়ের উৎসবগুলোর মধ্যে সেরা হয়েছে জয়পুরহাট, জামালপুর ও মৌলভীবাজার জেলা। জেলা তিনটির বন্ধুসভার প্রতিনিধিদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এরপর জাদুর চমক নিয়ে মঞ্চে আসেন জাদুকর স্বপন দিনার।
বিকেলের পর্ব শুরু গান দিয়ে। তরুণ প্রজন্মের শিল্পী মিনার চারটি গান গেয়ে শোনান। বানানবীর নামের আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশ নেয় আঞ্চলিক প্রতিযোগিতায় বানানে সেরা হওয়া ১২ প্রতিযোগী। পর্বটি পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ। তিন পর্বের তীব্র প্রতিযোগিতায় দারুণ উপভোগ্য হয়ে উঠেছিল বানানবীর প্রতিযোগিতা।
বিজয়ী পাঁচ বানানবীরের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথাশিল্পী সেলিনা হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বিশ্বে একমাত্র আমরাই জীবন দিয়েছি। এই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করছে। জ্ঞান অর্জনের জন্য আমরা ইংরেজি শিখব। কিন্তু মাতৃভাষাকে সুষমামণ্ডিত করতে নির্ভুলভাবে বাংলা শিখব।’ পুরস্কার প্রদান পর্বে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক দানীউল হক, সৌমিত্র শেখর, মাহবুব বোরহান, এইচএসবিসির ডেপুটি সিইও এবং হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মাহবুবুর রহমান ও সাজ্জাদ শরিফ।
মাহবুবুর রহমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বলেন, ‘আমরা ভালো করে মাতৃভাষা শিখব, ভালো কাজ করব। দেশকে এগিয়ে নিয়ে যাব। এইচএসবিসি ভাষা নিয়ে প্রথম আলোর এই উদ্যোগের সঙ্গে আছে, থাকবে।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ দানীউল হক শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এরপর ভাষা প্রতিযোগ ও গল্প লেখায় প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের নাম ঘোষণা করেন কুদরত-ই-হুদা। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, মো. আজম, ফেরদৌস আরা বেগম, তারিক রেজা, রাহেল রাজীব, সরকার সোহেল রানা প্রমুখ।