
ভাষা ও সাহিত্য বিষয়ে বৈচিত্র্যময় প্রশ্ন করে মঞ্চে উপবিষ্ট শিক্ষকদের ব্যতিব্যস্ত করে তুলল শিক্ষার্থীরা। এটি গতকাল শুক্রবার অনুষ্ঠিত এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের একটি চিত্র। ফেনী অঞ্চলের এ উৎসব হয় ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে।
সকাল নয়টায় উৎসব শুরুর কথা থাকলেও সকাল আটটা থেকেই দূর-দূরান্তের শিক্ষার্থীরা উৎসবস্থলে জড়ো হতে শুরু করে। সকাল নয়টার মধ্যেই অনুষ্ঠান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রতিযোগে অংশ নিতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের মধ্যেও ভাষা নিয়ে ছিল দারুণ উচ্ছ্বাস, ছিল উৎসবের আমেজ।
সকাল নয়টায় শুরু হয় ব্যান্ড পার্টির উৎসববাদন। সোয়া নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক। পরে অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, মেধার বিকাশে শিক্ষার্থীদের জন্য প্রথম আলো এর আগেও গণিত উৎসবসহ নানা অনুষ্ঠান করেছে। ভাষা নিয়ে আজকের অনুষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
শুভেচ্ছা বক্তব্যে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের এই আয়োজন শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলবে।
উদ্বোধনের পর শিক্ষার্থীরা ৪০ মিনিটের মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে ভাষা প্রতিযোগ ২০১৭-এর সহকারী সমন্বয়ক কুদরত-ই-হুদার পরিচালনায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক, একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. আলী হোসেন চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের সহযোগী অধ্যাপক এ এইচ আবু আহমেদ এবং ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী মো. রেজাউল হক। শিক্ষার্থীদের নানা প্রশ্নে উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত। বুদ্ধিদীপ্ত প্রশ্ন করায় কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাফর আহমদ রাশেদ। উৎসবে গান করেন ক্লোজআপ ওয়ান তারকা মোহাম্মদ রাশেদ। কয়েকজন শিক্ষার্থী পরিবেশন করে আঞ্চলিক গান।
প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। চারটি বিভাগে ৬০ জনকে বিজয়ী করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ, পদক ও বই তুলে দেন অতিথিরা। বিজয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় উৎসবে অংশ নেবে।
বিজয়ীদের মধ্যে সেরাদের সেরা হয়েছে কুমিল্লার ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিহা সিদ্দিকা। বানান নিয়ে বিশেষ প্রতিযোগিতায় ‘বানান বীর’ হয়েছে নোয়াখালী জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আবু জহর মাহবুব উদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ফেনী বন্ধুসভার সভাপতি জহিরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো ফেনী বন্ধুসভা।
চট্টগ্রামে ভাষা প্রতিযোগ আজ
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের চট্টগ্রাম অঞ্চলের উৎসব আজ শনিবার নগরের ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে। উৎসবে দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত থাকবেন। এবারের উৎসবে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেবে।