ভাষা নিয়ে সংঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই লিখিত বিবরণ
সেই লিখিত বিবরণ

‘রাষ্ট্র ভাষা উর্দু চাই-
উর্দু ভাষার বিরোধীরা কাফের-
এই কাফেরদের সায়েস্তা করতে হবে।’

এই স্লোগান দিতে দিতে বাসে চেপে একদল লোক রাজধানীর পলাশী ব্যারাকের দিকে আসে। তারা মূলত উর্দুভাষী। ব্যারাকের দিক থেকে একটি অপরিচিত কণ্ঠে পাল্টা স্লোগান ভেসে আসে, ‘রাষ্ট্রভাষা বাংলা হবে।’ আর যায় কোথা! বাস থেকে হকিস্টিক, চাকু ও লোহার রড নিয়ে নেমে একদল লোক ব্যারাকের বাসিন্দাদের ওপর দুই দফায় হামলা চালায়, ভাঙচুর করে। বেশ কিছু মানুষ আহত হয়। পলাশীতে প্রকৌশল কলেজের মূল হোস্টেলেও হামলা চালানো হয়। হামলায় প্রকৌশল কলেজের ভাইস প্রিন্সিপালের স্ত্রী মারাত্মকভাবে আহত হন। সে সময় পলাশী ব্যারাকে মূলত ছাত্র ও সরকারের নিম্নপদস্থ বাঙালি কর্মচারীরা বসবাস করতেন।

এটা ১৯৪৭ সালের ১২ ডিসেম্বরের ঘটনা। সবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে। শুরু থেকেই রাষ্ট্রভাষা নিয়ে পাকিস্তানের দুই অংশের বিরোধ দানা বাঁধতে থাকে। নভেম্বর মাস থেকেই বিবৃতি, সভা, সমাবেশ, মিছিল চলছিল। ১২ ডিসেম্বর উর্দু ভাষার সমর্থকেরা শুধু পলাশী ব্যারাকেই হামলা চালায়নি, তারা ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বাংলা ভাষার সমর্থকদের ওপর আক্রমণ চালায়। ‘পলাশী ব্যারাকস ওয়েলফেয়ার কমিটি’ নামে একটি সামাজিক সংগঠন পরদিন ১৩ ডিসেম্বর এই হামলার ঘটনার বিস্তারিত বিবরণ এবং একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা ইস্ট বেঙ্গল সেক্রেটারিয়েটস অ্যাসোসিয়েশনের মাধ্যমে সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠায়।