
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে গিয়েছিলাম পঞ্চগড়। ভাষা প্রতিযোগকে অনুষ্ঠান না বলে উৎসব বলা উচিত। প্রতিযোগিতা যেন চাপা পড়েছিল উৎসবের আমেজে। ২৭ মার্চ গভীর রাত পর্যন্ত পঞ্চগড়ের হোটেল এইচকে প্যালেসে ভাষা প্রতিযোগে আসা আয়োজক-অতিথিদের সঙ্গে জমেছিল প্রাণিত আড্ডা। যখন ভাষা প্রতিযোগকেন্দ্র কেপি সরকারি বালক উচ্চবিদ্যালয়ে রওনা দিই, তখন সকাল আটটা। হোটেলের চারতলার বারান্দায় দাঁড়াতেই পশ্চিমে অনেক দূরে চিকন একটি জলের রেখা চোখে পড়ে। সবুজ ধানখেতের বুক চিরে চলে গেছে। জানলাম, জলরেখার নাম করতোয়া। কেন্দ্রে যেতে সামান্যই পথ। পৌঁছাতেই দেখি মাঠভর্তি শিশু-কিশোর। চোখেমুখে অশেষ দীপ্তি। সবাই এসেছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে। অংশগ্রহণকারীরা ছিল চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। খুদে শিক্ষার্থীদের মনেও কী শাণিত শাণিত প্রশ্ন! অসীম আগ্রহ আর উৎসাহ নিয়ে প্রশ্নবাণ ছুড়ে দিচ্ছিল তারা। আর আমরা প্রশ্নোত্তরের ঢাল নিয়ে প্রস্তুত ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দানিয়ুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক মনজুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহেল রাজীব, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ফিরোজ জামান চৌধুরী, সরকারি কলেজশিক্ষক মনি শঙ্কর ও এহতেশামুল হক, সরকারি স্কুলের শিক্ষক শাহজাহান সাজু এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমি মঞ্চে বসেছিলাম প্রশ্নোত্তর পর্বে। শিশুদের মধ্যে সীমাহীন কৌতূহল। বিস্ময়কর তাদের জিজ্ঞাসা। ধ্বনি-বর্ণ-শব্দ-বাক্য, ভাষার ভবিষ্যৎ নিয়ে তাদের অযুত প্রশ্ন শুনে মনে হয়েছে, এসব শিশু-কিশোরের জন্য উপযোগী করে ভাষাবিষয়ক একটি সমৃদ্ধ পুস্তক রচনা করা ভীষণ জরুরি। আড্ডায়-প্রশ্নে-উত্তরে মধুরতম অভিজ্ঞতার এক দিন। মনে থাকবে বহুদিন।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।