ভাষা প্রতিযোগে বাংলাকে টিকিয়ে রাখার আহ্বান

পাবনা অঞ্চলের ভাষা প্রতিযোগ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাবনা জেলা স্কুলে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক লুত্ফর রহমান।
এর আগে লুত্ফর রহমান সোয়া ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন। আর ভাষা প্রতিযোগ পতাকা উত্তোলন করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে লুত্ফর রহমান বলেন, ‘ভাষার জন্য যুদ্ধ করা হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। ভাষা প্রবহমান। যুগে যুগে ভাষার পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান আবদুল আলিম, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, পাবনা ক্যাডেট কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুর রহমান ও পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক কামরুজ্জামান।
পাবনা অঞ্চলের ভাষা প্রতিযোগে পাবনা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বেলা পৌনে ১১টায় ভাষা প্রতিযোগ পরীক্ষা শুরু হয়। আধা ঘণ্টার পরীক্ষা শেষে কুইজ, প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।