ভাষা প্রতিযোগের উদ্বোধন কাল

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫ আগামীকাল শনিবার শুরু হচ্ছে ৷ এবার ভাষা প্রতিযোগের প্রথম উৎসব হচ্ছে হবিগঞ্জে৷ হবিগঞ্জ বি কে জি সি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কাল সকাল সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু হবে৷ শিশু-কিশোরদের বাংলা ভাষা চর্চায় আগ্রহী করতে এইচএসবিসি ও প্রথম আলো যৌথভাবে ২০০৫ সালে এই প্রতিযোগিতা শুরু করেছিল৷ গত বছর থেকে এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে গণসাক্ষরতা অভিযান।
হবিগঞ্জে অনুষ্ঠেয় প্রথম উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারেক রেজা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। পুরো আয়োজনের সমন্বয়ক হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর৷
এ বছর ভাষা প্রতিযোগের ১১তম আয়োজনে হবিগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, নড়াইল, বরিশাল, রাজশাহী, রংপুর, ঢাকা—এই নয়টি অঞ্চলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা৷ প্রতিটি অঞ্চলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন চলছে৷ আশপাশের জেলাগুলোর শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে নিবন্ধন করতে পারবে৷ বরাবরের মতো প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেবে৷ ২০১৪ সালে আঞ্চলিক প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিল ৭২০ জন প্রতিযোগী৷ বাছাই করা ৩৫ জনকে নিয়ে হয়েছিল ভাষা প্রতিযোগের কর্মশালা। এবারও থাকছে এমনই চমকপ্রদ সব আয়োজন৷