ভাষা প্রতিযোগের ঢাকা অঞ্চলের উৎসবের উদ্বোধন
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৭-এর ঢাকা আঞ্চলিক উৎসবের উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এই উৎসবের উদ্বোধন হয়।

উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করা হয় ভাষা প্রতিযোগের পতাকা।

জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মান্নান ভূঁইয়া।
ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন উৎসবের প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
উৎসব উদ্বোধনে হরেক রঙের বেলুনও ওড়ানো হয়।

অধ্যক্ষ আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ভবিষ্যৎ প্রজন্মের অনেকে যখন মূলধারা থেকে বিচ্যুত হয়, তখন হতাশ হন তিনি। বর্ণমালা, ভাষা প্রতিযোগের মতো আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুপথে, প্রগতির পথে, সংস্কৃতির পথে নিয়ে যায়। এটা দেখে আনন্দ পান তিনি।
উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ‘গোল্ডেন প্লাস আর প্লাটিনাম প্লাস যা-ই পাও না কেন, ভালো মানুষ না হলে কোনো কিছুই কাজে আসবে না। ভালো মানুষ প্রগতির পথে যায়, সংস্কৃতিমান হয়।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন এইচএসবিসির হেড অব লিগ্যাল ও রেগুলেটরি কমপ্লায়েন্স সাউলী কামাল খান।

উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশিদ, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ প্রমুখ।