ভাষা প্রতিযোগের রেলগাড়িটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবের কিছু মুহূর্ত মুঠোফোনের ক্যামেরায় বন্দী না করলে কি চলে? চট্টগ্রাম, ১৫ মে ২০১৫
উৎসবের কিছু মুহূর্ত মুঠোফোনের ক্যামেরায় বন্দী না করলে কি চলে? চট্টগ্রাম, ১৫ মে ২০১৫

শুরুর আগে
ভাষা প্রতিযোগ প্রতিবছর শুরু হয় ফেব্রুয়ারির দিকে। সবকিছু শেষ করে জাতীয় উত্সব বসে এপ্রিল বা মে মাসে। এ বছর আমরা সময়মতো শুরু করতে পারছিলাম না দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে। কিন্তু ফোনের পর ফোন আসতে লাগল। ভাষা প্রতিযোগ কবে শুরু হবে? এ বছর কি অনুষ্ঠান হবে না? সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো, শুরুটা হোক মে মাসে। গতবারের চেয়ে অঞ্চল কমিয়ে নয়টি করা হলো। তবে ঠিক হলো—এ বছর নাম নিবন্ধন করা হবে বেশি করে।

হাসি আর হাততালি। চট্টগ্রাম, ১৫ মে ২০১৫
হাসি আর হাততালি। চট্টগ্রাম, ১৫ মে ২০১৫

ভাষা প্রতিযোগের দল
এ বছর ভাষা প্রতিযোগের দলে ছিলেন চারজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন লেখক, একজন উপস্থাপক, একজন পরীক্ষা-নিয়ন্ত্রক, একজন কর্মী, একজন গায়ক এবং প্রথম আলোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কোনো কোনো অঞ্চলে দলের সদস্যসংখ্যা আরও বেড়ে যায়। ছিল অগ্রবর্তী দল, যারা আগে গিয়ে আয়োজনের কাজ তদারক করেছে। ছিল এইচএসবিসির স্বেচ্ছাসেবক দল, যারা বন্ধুসভার সঙ্গে খাতা দেখার কাজে সহযোগিতা করেছে।

আঙুলের বৃষ্টি। কক্সবাজার, ১৬ মে ২০১৫
আঙুলের বৃষ্টি। কক্সবাজার, ১৬ মে ২০১৫

আয়োজনের ধরন
প্রত্যেকটি অঞ্চলে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করে। ঢাকায় এই সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। পূর্বনির্ধারিত ভেন্যুতে শিক্ষার্থীরা হাজির হয় অনুষ্ঠানের দিন সকালে। উদ্বোধনের পর ৪০ মিনিটের একটি পরীক্ষায় অংশ নেয় তারা। পরীক্ষা শেষ হলে ফিরে আসে মূল মঞ্চের কাছে। চলতে থাকে প্রশ্নোত্তর পর্ব, আর এই ফাঁকে খাতা দেখার কাজও সম্পন্ন হয়। এরপর গান আর বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আঞ্চলিক উত্সব।
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্নোত্তর পর্ব ভাষা প্রতিযোগের সবচেয়ে আকর্ষণীয় পর্ব। এই অংশে শিক্ষার্থীরা প্রশ্ন করে, আর মঞ্চে বসে থাকা শিক্ষকেরা সেসব প্রশ্নের উত্তর দেন। ছাত্রছাত্রীদের প্রায় সব প্রশ্নই শিক্ষকদের ভালো লাগে, আর তাই প্রায় সবাই ভালো প্রশ্ন করার জন্য একটি করে বই উপহার পায়।
বিজয়ীরা
সকালে অনুষ্ঠিত ৪০ মিনিটের পরীক্ষায় যারা বিজয়ী হয়, তাদের নাম ঘোষণা করা হয় একেবারে শেষে। ক-বিভাগে (চতুর্থ-পঞ্চম শ্রেণি) ১৫ জন, খ-বিভাগে (ষষ্ঠ-সপ্তম-অষ্টম শ্রেণি) ১৫ জন, গ-বিভাগে (নবম-দশম শ্রেণি) ১৫ জন এবং ঘ-বিভাগে (একাদশ-দ্বাদশ শ্রেণি) ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ প্রতি অঞ্চল থেকে ৬০ জনকে বাছাই করা হয় জাতীয় উত্সবের জন্য। ঢাকা অঞ্চল থেকে অবশ্য এ বছর ১০০ জনকে নির্বাচিত করা হয়েছিল। ৯ অঞ্চল থেকে এ বছর সর্বমোট ৫৮০ জনকে মনোনীত করা হয় জাতীয় প্রতিযোগিতার জন্য।

প্রশ্নের ধরন
২০১৪ সাল থেকেই ভাষা প্রতিযোগের প্রশ্নে ব্যাপক পরিবর্তন আনা হয়। একজন বিশিষ্ট লেখকের গদ্য উদ্ধৃত করে সেখান থেকে পাঁচটি প্রশ্ন করা হয়। কোনো কবির কবিতা তুলে দিয়ে সেখান থেকেও প্রশ্ন থাকে পাঁচটি। এই গদ্য বা কবিতা কিন্তু পাঠ্যবইয়ে নেই। পাঠ্যবইয়ের গদ্য ও কবিতা থেকে প্রশ্ন থাকে ১০টি, পাঠ্যবইয়ের কবি-লেখক অংশ থেকে পাঁচটি; ভাষা ও ব্যাকরণবিষয়ক প্রশ্ন ১০টি এবং ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিষয়ে প্রশ্ন থাকে পাঁচটি। এভাবে মোট ৪০টি প্রশ্ন। জাতীয় উত্সবে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও ১৫ নম্বর। আঞ্চলিক উৎসবে বিজয়ীদের পাওয়া পুরস্কারের বই থেকে পাঁচটি প্রশ্ন এবং একটি অসম্পূর্ণ গল্পের বাকি অংশ লেখার জন্য থাকে ১০ নম্বর।

চলছে নাম নিবন্ধন। টাঙ্গাইল, ৯ মে ২০১৫
চলছে নাম নিবন্ধন। টাঙ্গাইল, ৯ মে ২০১৫

এ বছরের দুশ্চিন্তা
এ বছর ভাষা প্রতিযোগের সবচেয়ে বড় ভয় ছিল রোদ আর বৃষ্টিকে নিয়ে। তাই প্রায় সব অঞ্চলেই শামিয়ানার ওপর ত্রিপল ছিল। প্রচণ্ড গরম উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
বিজয়ীদের নিয়ে জাতীয় উত্সব
জাতীয় উত্সবের নির্ধারিত দিন ছিল জুনের ১২ তারিখ। আমরা সেটা পেছাতে বাধ্য হই শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধে। শেষ পর্যন্ত ৩১ জুলাই ঢাকায় বসল জাতীয় উত্সব। ৫৮০ জনের মধ্যে ৫০৩ জন উপস্থিত! উপস্থিতির হার ৮৭%। ভাষা প্রতিযোগের ১১ বছরের ইতিহাসে এই হার সর্বোচ্চ। অথচ অনুষ্ঠানের আগের রাতেই ছিল আতঙ্কে ভরা এক দুর্যোগপূর্ণ আবহাওয়া।

যেমন খুশি তেমন আঁকো! ঢাকা, ৫ জুন ২০১৫
যেমন খুশি তেমন আঁকো! ঢাকা, ৫ জুন ২০১৫

এরপর কর্মশালা
জাতীয় উত্সবের বিজয়ীদের থেকে আমরা ৪০ জনকে বাছাই করি ভাষা প্রতিযোগের আবাসিক কর্মশালার জন্য। ২০১৪ সালের পর এ বছর দ্বিতীয়বারের মতো কর্মশালা বসছে। আমরা ভবিষ্যতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডে অংশ নেওয়ার কথা ভাবছি।
আবার অপেক্ষা
সবকিছু ঠিক থাকলে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে ভাষা প্রতিযোগের দ্বাদশ আয়োজন। স্কুল-কলেজের যেসব শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিতে চাও, চোখ রেখো পত্রিকার পাতায়, যোগাযোগ রেখো আমাদের সঙ্গে এবং সংযুক্ত থেকো অনলাইন ও ফেসবুকে। আমরা তোমার জেলায় বা তোমার পাশের জেলায় আসছি আবার। প্রস্তুত থেকো!