ভাষা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব সাংসদ বাদশার
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সাংসদ ফজলে হোসেন বাদশা জাতীয়ভাবে ভাষা বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রস্তাব দিয়েছেন। এখানে প্রত্যেক ভাষাভাষী নিজ ভাষা, সাহিত্য, সংগ্রামের ইতিহাস, ঐতিহ্য চর্চা ও গবেষণা করতে পারবে। এসবের মধ্য দিয়ে আদিবাসীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিতে পারবে।
গতকাল রোববার সকালে রাজধানীর ছায়ানট ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) আয়োজিত ‘আদিবাসী শিশুদের মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেন ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, এলাকা ভেদে প্রয়োজন অনুযায়ী একই বইয়ে বাংলা ও সাঁওতালি বা আদিবাসী উভয় লিপিতে লেখা থাকতে পারে। যেসব জাতির নিজস্ব লিপি আছে তাদের সেই লিপিতেই শিক্ষা গ্রহণ করা উচিত। আর যাদের লিপি নেই তাদের কথ্য ভাষাগুলো সংরক্ষণ করতে হবে।
ফজলে হোসেন বাদশা প্রস্তাব করেন, যেসব এলাকায় আদিবাসী ও বাঙালি শিশু থাকবে সে এলাকায় উভয়ের জন্য আলাদা বিদ্যালয় প্রতিষ্ঠার।
মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেটের তাজপুর ডিগ্রি কলেজের অধ্যাপক রণজিৎ সিংহ।