
সাতসকালে থেমে থেমে ঝড়-বৃষ্টি। তবে শহরে আসতে আসতেও এল না। আশপাশের এলাকাগুলোতে অঝোরে ঝরা বৃষ্টিতে ভেজা শীতল বাতাসটা শুধু পৌঁছাল। টানা দাবদাহের পর নগরে যেন নতুন সকাল হলো। নয়টা বাজতেই ভরে গেল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ। স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীরা—সঙ্গে অভিভাবকেরাও। উঠল পতাকা, উড়ল বেলুন; শুরু হলো উৎসব।
গতকাল বুধবার এমনই ছিল এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর রাজশাহী আঞ্চলিক উৎসবের শুরুটা। ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের এ উৎসবে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা—এই আট জেলার ৭০২ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এ চারটি ভাগে বিভক্ত হয়ে ভাষা প্রতিযোগের পরীক্ষায় অংশ নেয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বন্ধুসভার বন্ধুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম। জাতীয় পতাকা উত্তোলন করেন ভেন্যু প্রতিষ্ঠান রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘প্রথম আলো তাদের দায়বদ্ধতার জায়গা থেকে এ উৎসবের আয়োজন করে থাকে। কারণ, ভাষাই হচ্ছে আমাদের শিকড়। আমাদের জাতীয়তা, আমাদের সংস্কৃতি ও আমাদের সভ্যতার পরিচয় বহন করে আমাদের মায়ের ভাষা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাহেল রাজীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশীদ, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ, এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর ও রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিতাই কুমার সাহা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্ধারিত ৪০ মিনিটের পরীক্ষার পর শুরু হয় উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব প্রশ্নোত্তর। এ পর্বে ঢাকার অতিথিদের সঙ্গে মঞ্চে ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল অনুষদের ডিন ইকবাল মতিন। রসাত্মক সঞ্চালনায় পর্বটিকে উপভোগ্য করে তোলেন সমন্বয়ক তারিক মনজুর।
শিক্ষার্থীরাও মজার মজার প্রশ্ন করে পুরস্কার জিতে নেয়। মঞ্চে থাকা শিক্ষকেরা প্রশ্নগুলোর উত্তরও দেন মজা করে। একের পর এক প্রশ্নের ঝড়। হাত তুলতে বলা হলে একসঙ্গে উঠছে ১০০টি হাত। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে অনেক হাতকেই থামিয়ে দিতে হয়।
ভাষার গান শুনিয়ে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের শিক্ষার্থী সারিকা শাহরিন ও দেশের গান শুনিয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি স্কুলের শিক্ষার্থী মালিহা মেহজাবিন প্রিয়ন্তী পুরস্কার জিতে নেয়। প্রশ্নোত্তর পর্বের মাঝখানে গান গেয়ে উৎসব মাতান ক্লোজ-আপ তারকা আতিক ও রাজশাহী বন্ধুসভার বন্ধু বেতারশিল্পী রেজাউল করিম।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘কোনো ভাষা গুরুত্বপূর্ণ কি না, তা বোঝা যায় সেই ভাষা রাষ্ট্রের অফিস-আদালতে ব্যবহৃত হয় কি না, জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার কাজে ব্যবহৃত হয় কি না, তা দেখে। আমার জানামতে এগুলোর কোথাও বাংলা ব্যবহৃত হয় না। সত্যিকারে ভাষার প্রতি শ্রদ্ধা দেখাতে হলে বাংলাকে এসব জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে।’
আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠানে সেরাদের সেরা নির্বাচিত হয় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মৌরি তানিয়া। আর এ পর্ব থেকে জাতীয় পর্বের জন্য প্রতিটি বিভাগ থেকে ১৫ জন করে (পাঁচজন প্রথম, পাঁচজন দ্বিতীয় ও পাঁচজন তৃতীয়) মোট ৬০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। তারা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেবে।
ক বিভাগের প্রথম পাঁচজন হলো সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের সুমনা আক্তার নাইস, রুতবাই জাহান চৌধুরী, আনতারা আনিকা; রাজশাহী কলেজিয়েট স্কুলের শাশ্বত চৌধুরী ও মাহদী হাসান খান। খ বিভাগের প্রথম পাঁচজন হলো ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের মেহেদী হাসান নাঈম, রাজশাহী কলেজিয়েট স্কুলের তানজিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের মারুফা খাতুন, সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস মুন ও তাসনিয়া তাসনিম মৌরী।
গ বিভাগে প্রথম পাঁচজন হলো বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মৌরি তানিয়া, হাসিবুল ইসলাম, ইসরার তাহমিন, ফারহান রওনাক ও সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের মোসাররত মেহজাবীন মীম। আর ঘ বিভাগের প্রথম পাঁচজন হলো সরকারি আজিজুল হক কলেজের আইরিন আক্তার, কাজী জান্নাত আরা, রাজশাহী কলেজের শারমিন রাহমান সুমনা, মারিয়া ইফতেসাম ও মোস্তফা রাফিদ।
অনুষ্ঠানের শেষাংশে ভাষা প্রতিযোগে বিজয়ীদের হাতে সনদ, পদক, টি-শার্ট ও বই তুলে দেওয়া হয়। অধ্যক্ষ মকবুল হোসেনের হাতে ভেন্যু স্মারক তুলে দেন অধ্যাপক মোহাম্মদ আজম।