ভাষাকে আরও ভালোভাবে জানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুজ্জামান,ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
আনিসুজ্জামান,ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

ভাষা প্রতিযোগ কয়েক বছর ধরে সারা বাংলাদেশে বেশ উৎসাহ, উদ্দীপনা এবং আশার সঞ্চার করেছে। আমরা সবাই-ই মাতৃভাষাকে লালন করি, বাংলা ভাষায় কথা বলি। কিন্তু এর মধ্যে যে নানা চমৎকারিত্ব আছে, এর মধ্যে নিয়মকানুনের যে একটা শৃঙ্খলা আছে, এটা এই ভাষা প্রতিযোগের মধ্য দিয়ে আমাদের কাছে নতুন করে প্রকাশিত হচ্ছে। ভাষাকে আরও ভালোভাবে জানতে হবে, এর রহস্য উন্মোচন করতে হবে। নিজের জীবনের সব উপলক্ষে বাংলা ভাষার ব্যবহার করতে হবে। আমরা জানি, জানার কোনো শেষ নেই, ভাষার রহস্যেরও শেষ নেই। এই দেশে আমরা ভাষার জন্য যা করেছি, তার তুলনা খুব কমই পাওয়া যায়। একইভাবে ভাষা শেখার জন্য আমরা যেন এমন যত্ন করতে পারি, যা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। ভাষা প্রতিযোগ ভাষার প্রতি সেই মনোযোগ ও যত্ন দিতে আমাদের উৎসাহ দিচ্ছে। আমি জানি যে সারা দেশ থেকেই অনেকে এই উৎসবে উপস্থিত হয়েছে। স্থানীয়ভাবে যেসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, সেগুলোয় অনেক অংশগ্রহণকারী অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নিয়েছে। এই উৎসাহই আমাদের সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করবে। ভাষা প্রতিযোগের অনুষ্ঠান যদি সেই এগিয়ে চলার পথে আমাদের প্রেরণা দেয়, তাহলে খুব উপযুক্ত হয়। তোমাদের সকলের অশেষ কল্যাণ কামনা করি। ভাষা প্রতিযোগ বছরে বছরে সফল হোক।