ভাষাকে শ্রদ্ধা জানাতে সাইকেলে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃভাষা বাংলাকে শ্রদ্ধা জানাতে ভারত থেকে সাইকেলে চড়ে বাংলাদেশে এসেছেন ভারতের সাত নাগরিক। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাঁরা রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
ওই সাত ভারতীয় হলেন স্বরজিত রায় (৩৯), নীলাব্জ ঘোষ (৩০), শুখেন্দ্র ব্যানার্জি (৪০), বিপ্লব কুমার দত্ত (৬৭), শক্তিময় ব্যানার্জি (৬৩), শৌমিখ ভট্টাচার্য (৩৯) ও জয় শংকর মণ্ডল (৩৮)। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর ও উদীচী শিল্পীগোষ্ঠীর সহযোগিতায় হান্ড্রেড মাইলস ও ফ্রেসলুক যৌথভাবে এ সাইকেল যাত্রার আয়োজন করে।
দলনেতা স্বরজিত রায় বলেন, ‘বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ স্লোগান ধারণ করে ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় কলকাতার দেশপ্রিয় পার্কের ভাষামঞ্চে তাঁদের যাত্রার উদ্বোধন করা হয়। সেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতুল মুখোপাধ্যায়, রবীন্দ্রসংগীত শিল্পী মালোবিকা সেন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাড়ে ১১টায় তাঁরা যাত্রা শুরু করেন। ১৬ ফেব্রুয়ারি তাঁরা দর্শনায় পৌঁছান। বুধবার কুষ্টিয়ায় রাত কাটানোর পর বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী পৌঁছান তাঁরা। গতকাল সকালে মানিকগঞ্জের উদ্দেশে তাঁরা যাত্রা শুরু করেন। আজ শনিবার ঢাকা পৌঁছে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবেন তাঁরা।