ভাষাকে সমৃদ্ধ করতে শুদ্ধ উচ্চারণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে গতকাল পঞ্চগড় অঞ্চলের ভাষা প্রতিযোগের বিজয়ীরা । ছবি: প্রথম আলো
অতিথিদের সঙ্গে গতকাল পঞ্চগড় অঞ্চলের ভাষা প্রতিযোগের বিজয়ীরা । ছবি: প্রথম আলো

পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বসেছিল ভাষা প্রতিযোগের আসর। এইচএসবিসি-প্রথম আলোর এ উৎসবে অংশ নেয় ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলার আট শতাধিক শিক্ষার্থী।
সকালে বন্ধুসভার সদস্যদের নেতৃত্বে জাতীয় সংগীতের পর জাতীয় পতাকা উত্তোলন করেন বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জোবায়ের ইসলাম। আর ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক। তিনি বলেন, ‘বিশ্বে বাংলা ভাষার অবস্থান এখন চতুর্থ। এ জন্য আমরা গর্ববোধ করি। তোমাদের উপস্থিতিই প্রমাণ করে তোমরা বাংলাকে কত ভালোবাস। এই ভাষাকে সমৃদ্ধ করতে এর শুদ্ধ উচ্চারণ জরুরি।’
এরপর ৪০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর ভাষা, বর্ণ, গদ্য, পদ্য, কাব্য, ব্যাকরণ ইত্যাদি নিয়ে অদ্ভুত ও মজার মজার প্রশ্ন করে শিক্ষার্থীরা। প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মঞ্জুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাহেল রাজীব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. তুহিন ওয়াদুদ, পঞ্চগড় এম আর সরকারি কলেজের এহতেশামুল হক, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের মণিশঙ্কর দাশ গুপ্ত ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মো. শাহজাহান সাজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ব্র্যান্ড নির্বাহী কাজী রেজাউল করিম ওরফে তুষার।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ফিরোজ জামান চৌধুরী, প্রতিনিধি শহীদুল ইসলাম ও বন্ধুসভার সভাপতি গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক জিল্লুর রহমান, এম আর সরকারি কলেজের আন্দালিব এহসান এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রশিদা খাতুন।
ভাষা প্রতিযোগ আয়োজনে সহায়তা করেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান বন্ধুসভার সভাপতি মো. গোলাম মোস্তফা।
সব শেষে চার বিভাগের ১৫ জন করে ৬০ জন বিজয়ীর হাতে সনদ ও বই তুলে দেওয়া হয় এবং মেডেল পরিয়ে দেন অতিথিরা। পুরো আয়োজনে সেরাদের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে তেঁতুলিয়ার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া আফরিন।