ভাষাগত কারণে আদিবাসী শিশুরা প্রতিযোগিতায় টিকতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অবকাঠামোয় মাতৃভাষায় শিক্ষালাভের সুযোগ আদিবাসী শিশুদের নেই। আদিবাসী শিশুরা জন্মের পর থেকেই নিজস্ব ভাষায় কথা বলতে শেখে এবং নিজস্ব সংস্কৃতিতে বেড়ে ওঠে। কিন্তু এই শিশুরা যখন বিদ্যালয়ে ভর্তি হয়, তখন তাদের নতুন করে বাংলা ভাষা শিখতে হয়। এই ভাষাগত সমস্যার কারণেই এসব শিশু মূলধারার শিশুদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না।গতকাল মঙ্গলবার সকালে নগরের মীরাবাজার এলাকার একটি হোটেলে এক আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেছেন। ‘সমতলের আদিবাসী শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র। সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল আওয়াল বিশ্বাস, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ চৌধুরী, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাশেম।মূল প্রবন্ধে প্রবন্ধকার আদিবাসীদের শিক্ষা-পরিস্থিতির উন্নয়নে ১৫টি পরামর্শ দিয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে: প্রাথমিক শিক্ষায় আদিবাসীদের মাতৃভাষার চর্চা, আদিবাসী শিক্ষক নিয়োগ, আদিবাসী গ্রামগুলোতে প্রয়োজনীয় বিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষার আগ্রহ বৃদ্ধিতে সচেতনতামূলক প্রচারণা, ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা এবং শিক্ষা উপকরণ বিতরণ ও উপবৃত্তি চালু।