ভাসানটেকে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২
রাজধানীর ভাসানটেক এলাকা থেকে গতকাল মঙ্গলবার সোয়া পাঁচ কেজি বোমা তৈরির সরঞ্জাম, দুটি অবিস্ফোরিত ককটেল ও ৪০টি বিয়ারের ক্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিকেল পাঁচটা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত ভাসানটেকের ৪ নম্বর বস্তি এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ এ দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চিকনা জামাল (৩৫) ও জাকির হোসেন (২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ভাসানটেকের ৪ নম্বর বস্তি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পাথরের গুঁড়া, সালফারসহ মোট সোয়া পাঁচ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। দুটি বিস্ফোরিত ককটেলও পাওয়া গেছে। এ ছাড়া ৪০টি বিয়ারের ক্যান উদ্ধার হয়েছে। এ ঘটনায় জামাল ও জাকিরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গতকাল রাত ১২টার দিকে ভাসানটেক থানায় দুটি মামলা করেছে পুলিশ।