ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে জটিলতা
চুক্তি বাতিলের পর প্রায় ১০ মাস পার হতে চললেও রাজধানীতে বস্তিবাসী ও নিম্নবিত্ত ব্যক্তিদের আবাসনের জন্য নেওয়া ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের অসমাপ্ত কাজের বাস্তবায়ন শুরু করতে পারেনি সরকার। নানা অনিয়ম, দুর্নীতি ও সময়মতো কাজ শেষ করতে না পারায় গত বছরের অক্টোবর মাসে সরকার প্রকল্পটির বাস্তবায়নকারী ও বিনিয়োগপ্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (এনএসপিডিএল) সঙ্গে চুক্তি বাতিল করে। এরপর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে প্রকল্পের অসমাপ্ত কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ওই প্রকল্পে যথেষ্ট বিনিয়োগ করার সুযোগ তাদেরও নেই। ভূমি মন্ত্রণালয়েরও ওই কাজ করার মতো কারিগরি জনবল ও অর্থের বরাদ্দ নেই। ফলে প্রকল্পটির বাস্তবায়ন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গৃহায়ণ কর্তৃপক্ষ দায়িত্ব না নিলে ভূমি মন্ত্রণালয়েরই প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে দরপত্র আহ্বানের মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান খোঁজা হবে।ভূমিসচিব মোখলেছুর রহমান বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে আবারও অনুরোধ জানানো হয়েছে কাজটি হাতে নেওয়ার জন্য। তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম এ হান্নান বলেন, এ প্রকল্পের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে অনেক বিনিয়োগের প্রয়োজন। কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষের পক্ষে ২০ থেকে ৩০ কোটি টাকার বেশি বিনিয়োগ করার সুযোগ নেই। অন্যদিকে, আগের বিনিয়োগকারী এনএসপিডিএল যাদের কাছ থেকে টাকা নিয়েও ফ্ল্যাট বরাদ্দ দেয়নি, তাদের দায়িত্ব গৃহায়ণ কর্তৃপক্ষ বহন করবে না। এই পরিস্থিতিতে বাজারমূল্য বিবেচনায় নিয়ে নতুন করে ফ্ল্যাটের মূল্য নির্ধারণ ও নকশা প্রণয়ন করে প্রকল্পটি বাস্তবায়নের জন্য গৃহায়ণ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তারা রাজস্ব বাজেট থেকে গৃহায়ণ কর্তৃপক্ষের অনুকূলে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান এবং কাজ শেষ করার জন্য প্রকল্পের মেয়াদ আরও বাড়ানোর বিষয় বিবেচনারও আশ্বাস দিয়েছে। এ ব্যাপারে দু-এক দিনের মধ্যে একটি সমন্বয় সভা হতে পারে বলে সরকারি সূত্র জানিয়েছে। ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের মূল কার্যাদেশ অনুযায়ী ২০০৯ সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় চুক্তি বাতিলের পর প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকল্প এলাকায় মোট ১১১টি আবাসিক ভবন নির্মাণের কথা। কিন্তু মাত্র ১০টি ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ এবং আরও আটটির কাজ ৯০ শতাংশ পর্যন্ত শেষ হয়েছে।ভবনগুলোয় ‘এ’ শ্রেণীর সাত হাজার ৭৭৬টি এবং ‘বি’ শ্রেণীর পাঁচ হাজার ৪৭২টি ফ্ল্যাট হওয়ার কথা। এই ১৩ হাজার ২৪৮টি ফ্ল্যাটের মধ্যে নির্মাণ শেষ করা হয়েছে মাত্র এক হাজার ৫৬টির। এর মধ্যে ৯৩৮টি ফ্ল্যাটে বাসিন্দারা বসবাস করছেন। এ ছাড়া ফ্ল্যাটের মূল্য পরিশোধ করেছেন কিন্তু ফ্ল্যাট পাননি এক হাজার সাতজন।ভূমি মন্ত্রণালয় থেকে প্রকল্প এলাকাকে ‘ক’ ও ‘খ’ দুই ভাগে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রকল্পের সমাপ্ত ১০টি এবং প্রায় সমাপ্ত আটটিসহ মোট ১৮টি ভবন এলাকাকে ‘ক’ অঞ্চল এবং অসমাপ্ত কাজের এলাকাকে ‘খ’ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হবে। ‘খ’ অঞ্চলের জমি গত ৩০ জুনের মধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা ছিল।এ ছাড়া আগে বাছাইকৃত ৬২৭ জন সুবিধাভোগী, যাঁরা ফ্ল্যাটের টাকা পরিশোধ করেছেন এবং ভাষানটেক বস্তি থেকে যাঁদের উচ্ছেদ করা হয়েছে, ফ্ল্যাট বরাদ্দ ও হস্তান্তরের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়।ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি ‘দায়দেনা কমিটি’ করা হয়েছে। কমিটি প্রতিবেদনে জানিয়েছে, এনএসপিডিএল এ প্রকল্পে বিনিয়োগ করে ফ্ল্যাট বিক্রি করে বেশি আদায় করেছে ৩০ কোটি টাকা। এনএসপিডিএল যাদের ফ্ল্যাটে উঠিয়েছে, তাদের ব্যাপারে মন্ত্রণালয়ের অনুমোদন নেই। যাঁদের কাছ থেকে টাকা নিয়ে ফ্ল্যাট বরাদ্দ করেছে এবং যাঁদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু ফ্ল্যাট বরাদ্দ করেনি, তাঁদের তালিকা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। শিগগিরই এ প্রতিবেদন দাখিল করা হবে বলে কমিটির একটি সূত্র জানায়।