ভাষানটেকে চাঁদাবাজের ভয়ে ভবনের নির্মাণকাজ বন্ধ
রাজধানীর কাফরুল থানার ভাষানটেকে চাঁদাবাজদের হুমকির মুখে একটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ছয় দিন আগে ওই ভবনে দুজন নির্মাণশ্রমিককে কুপিয়ে জখম করে চাঁদাবাজেরা। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে। চাঁদাবাজির শিকার জমির মালিক সুফি ফারুক ইবনে আবু বকর অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় দুজন শ্রমিককে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় কাফরুল থানায় ছয় দিন আগে একটি মামলা করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ আসামিদের গ্রেপ্তার করেনি। এ সুযোগে ছাত্রলীগের সাবেক দুই নেতার প্রশ্রয়ে আসামিরা এলাকায় অবস্থান নিয়ে বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। হামলায় ছাত্রলীগের সাবেক ওই দুই নেতা অংশ নিলেও কাফরুল থানার পুলিশ মামলায় তাদের আসামি করেনি বলে তিনি অভিযোগ করেন।এজাহারের বরাত দিয়ে কাফরুল থানার পুলিশ জানায়, ৫ ফেব্রুয়ারি ২০-২৫ জন সন্ত্রাসী চাপাতি ও লোহার রড নিয়ে ভাষানটেকের ২১৬/১০ বাগানবাড়িতে ঢোকে। তারা শ্রমিকদের কাজ বন্ধ করে দিতে হুমকি দেয়। সন্ত্রাসীরা ভবন নির্মাণের জন্য ইট-বালু সরবরাহকারী মুস্তাফা আহমেদের কাছে আগে দাবি করা পাঁচ লাখ টাকা আবার দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাঁকেসহ শ্রমিকদের মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা নির্মাণশ্রমিক আবুল বাশার ও রুহুল আমিনকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে। শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা চলে যায়। এ ব্যাপারে জমির মালিক আবু বকরের আত্মীয় রাকিবুজ্জামান বাদী হয়ে এলিট, ভুট্টো, নুর হোসেন, মজিবর রহমান, মহরম আলী, ইসরাফিল মাস্টার, হাজী সামসু সরদার, মেজবাউল আলম, এহসানসহ ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। সূত্র জানায়, এ জমির তিন মালিক বহুতল ভবন নির্মাণের জন্য আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। আবাসন প্রতিষ্ঠানের কর্মী কামাল হোসেন জানান, তিনি ৩ ফেব্রুয়ারি থেকে ভবনের নির্মাণকাজ শুরু করেছিলেন। সন্ত্রাসীরা এসে কাজ বন্ধ করে দেয়। জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, মারধরের ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। বিষয়টি মীমাংসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।