ভাষানটেকে দুদল সন্ত্রাসীর সংঘর্ষে নারীসহ গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাষানটেকে দুদল সন্ত্রাসীদের মধ্যে আজ বৃহস্পতিবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ পথচারীসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে পথচারী রাশিদা বেগমকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে ১০ টার দিকে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী সালাম ও কালুর পক্ষের মধ্যে পশ্চিম ভাষানটেকে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে বন্দুকযুদ্ধ বাধে। সংঘর্ষ বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পথচারী রাশিদা বেগমসহ দুজন আহত হন। রাশিদার পায়ে গুলি লাগে। ভাষানটেক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে রাত ১১টার দিকে যোগাযোগ করা হলে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসনে আরা প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান চালাচ্ছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।