ভাষানটেকে নারীর সাত টুকরা লাশ উদ্ধার
রাজধানীর ভাষানটেকে গত বৃহস্পতিবার এক নারীর সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দামালকোট ভূমি উন্নয়ন প্রকল্পের পশ্চিম পাশের দেয়ালের ভেতরে লাশের টুকরাগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। স্থানীয় লোকজন সেগুলো দেখে ভাষানটেক থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশের টুকরাগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ওই নারী বয়সে তরুণী। তাঁর দুই হাত, দুই পা এবং মাথা শরীর থেকে বিচ্ছিন্ন। তাঁর হাতে ও পায়ে মেহেদির আলপনা আঁকা ছিল।
ভাষানটেক থানার ওসি হোসনে আরা জানান, ওই লাশের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করেছে জাতীয় ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং ল্যাব। দেশের অন্যান্য থানায় এ ধরনের কোনো তরুণী নিখোঁজ রয়েছেন কি না, এ ব্যাপারে পুলিশের বেতার বার্তা দেওয়া হয়েছে।
ওসি বলেন, লাশে পচন ধরেছে, চেহারা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারের তিন-চার দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। কাছাকাছি স্থানেই তিন জোড়া স্যান্ডেল এবং একটি চাপাতি পাওয়া গেছে।
কলেজছাত্রীর লাশ উদ্ধার: এদিকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিনশেড স্টাফ কোয়ার্টার থেকে গত মঙ্গলবার শাহনাজ পারভীন নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মগবাজার এলাকার গিয়াস উদ্দিন নামের এক বখাটের যৌন নিপীড়নের কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন।
নিহত শাহনাজের বাবা সালেহউদ্দিন এ ঘটনায় গিয়াস উদ্দিনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছেন। পুলিশ গতকাল পর্যন্ত গিয়াসকে গ্রেপ্তার করতে পারেনি।