ভাষাবিজ্ঞান থেকে বাংলার শিক্ষক নিয়োগ বন্ধে মানববন্ধন
ভাষাবিজ্ঞান থেকে উত্তীর্ণ প্রার্থীদের স্কুল ও কলেজের বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে ক্লাস বর্জন করে বিভাগ থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলায় এসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো তাঁরা এ দাবি জানানোর পাশাপাশি ভাষাবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আলাদা চাকরিক্ষেত্র সৃষ্টিরও দাবি জানিয়েছেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ‘বাংলা শিক্ষক’ হিসেবে বাংলা বিভাগের পাশাপাশি ভাষাবিজ্ঞান থেকে উত্তীর্ণ ব্যক্তিদের আবেদনের যোগ্য করতে গত বছরের ২১ জানুয়ারি মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। চলতি বছরের ৩ মার্চ এ বিষয়ে বাংলা ও ভাষাবিজ্ঞানের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
জানতে চাইলে ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাকিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘স্কুল-কলেজে বাংলা দ্বিতীয় পত্রের জন্য এই বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ১৯৯২ সালে বাংলা বিভাগ থেকে ভাষাবিজ্ঞান বিভাগের জন্ম হলে তখনো এ ধারা অব্যাহত ছিল। কিন্তু ২০১০ সাল থেকে ভাষাবিজ্ঞানের শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।’