ভাষার উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শূনে্য িদল উড়াল উদ্বোধনের বেলুন
শূনে্য িদল উড়াল উদ্বোধনের বেলুন

পরীক্ষা নয়, যেন রণসজ্জা। খুব ‘সিরিয়াস’! ভাষা নিয়ে এই পরীক্ষায় ভালো করতেই হবে। পানির বোতল আর পাঠ্যবই আর ব্যাকরণ বইয়ে ঠাসা ব্যাগটা মায়ের কাছে দিয়ে পরীক্ষার হলে ঢুকল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অর্ণব। পরীক্ষা দিতে দিতে যুদ্ধজয়ের ভাবনাটা উড়ে গেল ফুরুৎ করে। মজার ব্যাপার! পরীক্ষার হলে খাবার, সার্টিফিকেটও। বেরিয়ে তো আরো মজা। বড় বড় স্যারদের প্রশ্ন করে ‘ভড়কে ’দেয়া যাবে। সব প্রশ্ন করা যাবে না। যে প্রশ্নের উত্তর সহজে বইয়ে বা আশপাশে মেলে না, তেমন প্রশ্ন। মঞ্চ থেকে বলা হয়েছে, যে প্রশ্ন নাকি ‘রক্তাক্ত’ করে, ভোগায় এমন প্রশ্ন। আর প্রশ্ন করলেই পুরস্কার। কী কা-, পরীক্ষা নয়, এ যে উৎসব!

এই মনোভাবনা শুধু অর্ণবের নয়, ভাষা প্রতিযোগে অংশ নেয়া প্রতিটি শিক্ষার্থীর।
প্রথম-আলো এইচএসবিসি ভাষা প্রতিযোগের জামালপুর আঞ্চলিক পর্বে এমনি বর্ণিল এক উৎসবে শিশুদের আনন্দে মজতে দেখেছি। সেদিন চৈত্রের সূর্য নরম হয়ে পড়েছিল ব্রহ্মপুত্রের বুক থেকে আসা বাতাসে। বরং নক্ষত্র হয়ে উঠেছিল অংশ নেয়া প্রতিটি শিক্ষার্থী। তাদের প্রশ্নের ধার দেখে মুগ্ধ শিক্ষকবৃন্দ। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইংরেজি তারিখ অনুযায়ী পালন করা হয়। কিন্তু বাংলা তারিখ অনুযায়ী হয় না কেন?’ ভাবনা-জাগানিয়া প্রশ্ন করেন এক শিক্ষার্থী, ‘ভাষার জন্যে নারীদের অবদান থাকলেও পুরুষদের বেশি মর্যাদা দেওয়া হয় কেনো?’ চিন্তার গভীরতা কতদূর পৌঁছালে এমন জিজ্ঞাসা সম্ভব!
জামালপুরসহ এই পর্বে অংশ নেয় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার এক হাজার শিক্ষার্থী। মেধা ও চঞ্চলতায় এরা রঙ ছড়িয়েছিল উৎসবে। রঙ দেখতে এসেছিলেন আরো হাজারো মানুষ।
ভাষা প্রতিযোগের পাবনা পর্ব শুরু হয় বাংলা সনের দ্বিতীয় দিনে। মঙ্গলের বারতা নিয়ে প্রতিটি শিশু উপস্থিত হয় ভাষার উৎসবে। রঙিন বর্ণমালার সাথে বৈশাখী মেলায় কিনতে পাওয়া হাতি-ঘোড়া-প্যাঁচা ঝুলে আছে প্রাঙ্গণে। বাজছে ঢোল, বাজছে ঢাক। সবাই সমবেত হলে, জাতীয় সংগীত বেজে ওঠে, পতাকা উত্তোলিত হয় শ্রদ্ধাসহ ও উদ্বোধন ঘোষণায় বেলুনের দল একসাথে নীল আকাশের হাতছানিতে সাড়া দেয়। একটু পরেই পরীক্ষা, কিন্তু কারো মনে কোনো ভীতি নেই। সবাই জানে, এই পরীক্ষার অন্যনাম আনন্দ। এই আনন্দে অংশ নিতে এই পর্বে অনেক দূর থেকে শিক্ষার্থীরা এসেছে। পাবনা ছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের মোট আট শ শিক্ষার্থী অংশ নেয়। দূর থেকে আসা শিক্ষার্থীদের কোনো নেই ক্লান্তি নেই, বরং মুখ ভরে আছে উদ্ভাসিত হওয়ার আকাক্সক্ষায়।
পরীক্ষা নামের আনন্দের পর শুরু হয়, প্রশ্নোত্তর পর্ব। সব সময় ছাত্র-ছাত্রীরা দুরু-দুরু বুকে থাকে। এবার উল্টো। মঞ্চে বসে শিক্ষকরা উত্তর দেবেন। ‘ভাষা এলো কোত্থেকে’? ‘বাংলা ভাষা এলো কীভাবে’? এমন প্রশ্ন সারল্য নিয়ে জানতে চায় শিক্ষার্থীরা। সেদিন কেবলই ‘পড়ালেখা’ ছিল না, গানও ছিল। সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় মজার একটি গান গেয়ে শোনায় রায়গঞ্জ ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক। এছাড়াও পাবনা জিলা স্কুলের ছাদমান সাকিব ছড়াগান, রবীন্দ্রসংগীত গেয়ে শোনায় অন্তর রায় ও পাবনা বালিকা উচ্চবিদ্যালয়ের তাবাসসুম মেহজাবিন শোনায় দেশাত্মবোধক গান। এরপর বানান বীর নামের একটি মজার পর্বে অংশ নেয় দশ শিক্ষার্থী। সবার সামনে চট করে শুদ্ধ বানান বলতে হবে। না পারলে বীরত্বের লড়াইয়ে পিছিয়ে পড়ার সম্ভবনাতো থাকেই, আরো থাকে মঞ্চের সামনে হেসে কুটিকুটি হওয়া ছোট্টদের মুখ! তাই ব্যাপারটা অতো সহজ না। ফলে কঠিন যুদ্ধ জয় করেই বানান বীর হতে হয়। সবশেষে পুরস্কার আর ছবিতোলা। কার না ভালো লাগে পুরস্কার পেতে আর ছবি তুলতে!
খুলনার অনুষ্ঠানস্থল সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একপ্রান্তে বড় বড় গাছ, ওখানে একটুকরা শীতলতা। এর বাইরে গেলে ভ্যাপস গরম, তার ওপর হঠাৎ বৃষ্টির শঙ্কা। কিন্তু সবকিছু ছাপিয়ে আনন্দ জাগাল শিক্ষার্থীদের উচ্ছ্বাস। যথারীতি জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধন হল। জাতীয় সংগীত গাওয়ার সময় করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েদের একটি দল যন্ত্রসংগীতের মাধ্যমে মুগ্ধ করল উপস্থিত সবাইকে।
খুলনা পর্বে খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মোট এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। অতিথিদের দলটা বড় ছিল খুলনায়। কবি, অধ্যাপক, ভাষাবিজ্ঞানী, কর্পোরেট ব্যক্তিত্ব মিলে অসাধারণ মিলনমেলা। ফলে প্রশ্নোত্তর পর্ব জমে উঠল। সরল মনের জটিল সব প্রশ্নের মুখোমুখি শিক্ষকবৃন্দ। ‘বিশুদ্ধ বাংলা বলে কিছু আছে কি? আঞ্চলিক ভাষা কি অশুদ্ধ!’ প্রশ্ন করল এক শিক্ষার্থী। চন্দ্রবিন্দু আলাদা বর্ণ হলেও কেন পরাশ্রয়ী বর্ণ বলা হয়Ñ এমন মগজে ঝড়তোলা প্রশ্ন ছিল শিক্ষার্থীর মুখে।
ভাষা প্রতিযোগের সমন্বয়ের একটি কথায় ছাত্র-ছাত্রীরা বেশ আনন্দ পায়, ‘এই মঞ্চে সব হবে, শুধু বক্তৃতা হবে না’। এই কথা বলা মাত্র তুমুল করতালি। কথামতো, সব হয়েছিল। গান গেয়েছিলেন শিল্পী রূপম। বাড়তি আকর্ষণ ছিল নাটিকা ক্যাচাল-২। পিনপতন নীরবতার মনোযোগে হল বানান বীর। সবশেষে পুরস্কার, ছবিতোলা।
ভাষা প্রতিযোগ শুধু পরীক্ষা নয়, শুধু নিছক খেলা নয়। আনন্দের সঙ্গে ভাষার প্রতি মমতা, দেশের প্রতি দায়িত্ব তৈরির মিলনমেলা। জামালপুর, পাবনা, খুলনা পর্বের ভাষা প্রতিযোগ শেষে মনে হয়েছে, এই মিলনমেলার টুকরো কিছু স্মৃতির সাঁকো মননদী জুড়ে আছে। যেখানে ভাষাসূত্রে আনন্দযোগে মিলে হাজারো মুখ।