ভাষার জন্য ত্যাগের তুলনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘ভাষার জন্য আমরা যে ত্যাগ করেছি, ইতিহাসে তার তুলনা পাওয়া যায় না। সেই ভাষাকে আমাদের শুদ্ধ ভাবে শিখতে হবে।’
আজ শুক্রবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুজ্জামান এ কথা বলেন। এটি ভাষা প্রতিযোগের ১১ তম জাতীয় উৎসব। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যে শিক্ষার্থীরা এসেছে, তা উৎসাহব্যাঞ্জক।
সকাল ১০টার দিকে উৎসবের উদ্বোধন করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক সৌমিত্র শেখর, রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের।
অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেন, বৃষ্টি এই আয়োজনকে ব্যাহত করতে পারেনি। বৃষ্টি সত্ত্বেও ছেলেমেয়েরা এখানে আসছে। তাদের উপস্থিতি উৎসাহব্যাঞ্জক। ভিকারুননিসা নূনকে উৎসবের কেন্দ্র হিসেবে গ্রহণ করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর এখন পরীক্ষা দিচ্ছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

ভাষা প্রতিযোগ-২০১৫ এর জাতীয় পর্বের অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত চলাকালে সবাই দাঁড়িয়ে সম্মান জানান। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
ভাষা প্রতিযোগ-২০১৫ এর জাতীয় পর্বের অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত চলাকালে সবাই দাঁড়িয়ে সম্মান জানান। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করার লক্ষ্যে ২০০৫ সালে শুরু হয় ভাষা প্রতিযোগ। প্রথম আলো এবং এইচএসবিসির যৌথ উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান এবার ১১ বছরে পা রাখল। গত বছর থেকে এই আয়োজনের সহযোগী হয়েছে গণসাক্ষরতা অভিযান।
এ বছর হবিগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, নড়াইল, বরিশাল, রাজশাহী, রংপুর ও ঢাকায় মোট নয়টি আঞ্চলিক উৎসবে স্কুল ও কলেজের ১০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। আঞ্চলিক উৎসবগুলো থেকে বিজয়ী ৫৮০ জনকে নিয়ে বসেছে জাতীয় উৎসবের এই আসর।
উৎসবে অতিথি থাকবেন আবদুল্লাহ আবু সায়ীদ, রাশেদা কে চৌধূরী, সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ। সংগীত পরিবেশন করবে ব্যান্ড জলের গান। জাদু পরিবেশন করবেন জাদুশিল্পী আলী রাজ। থাকবেন ক্রিকেট তারকা সাব্বির রহমান ও অভিনয় জগতের তারকারা।
গতবারের মতো এবারও জাতীয় উৎসব শেষে ভাষা প্রতিযোগের আবাসিক কর্মশালার আয়োজন করা হবে। জাতীয় পর্যায়ের বিজয়ীদের মধ্য থেকে ৪০ জনকে কর্মশালার জন্য নির্বাচন করা হবে।