ভাষার টানে শহীদ সালামের গ্রামে হাজারো মানুষ
শহীদ মিনারে ফুল দেওয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজনের মধ্য দিয়ে আবদুস সালামসহ সব ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ফেনীর হাজারো মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ভোর থেকেই ভাষাশহীদ আবদুস সালামের গ্রাম দাগনভূঞা উপজেলার সালামনগরে (লক্ষ্মণপুর) শহীদ মিনারে জড়ো হতে শুরু করে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। তাদের পদচারণায় মুখরিত হয় শহীদ মিনার চত্বর। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি।পরে বেলা ১১টায় ভাষাশহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। ভাষাশহীদ সালাম স্মৃতি ফোরামের উদ্যোগে এই আলোচনা সভায় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, শহীদ সালামের গ্রামের প্রধান সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরটিও নদীভাঙনের হুমকিতে পড়েছে। তাঁরা সড়কটি মেরামত করার দাবি জানান। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সালামনগরে আয়োজিত সপ্তাহব্যাপী মেলা গতকাল শেষ হয়েছে।