ভাষার তরিতে ভাষার সাগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল টি-শার্ট পরে এক মঞ্চে পাবনা অঞ্চলের বিজয়ীরা
লাল টি-শার্ট পরে এক মঞ্চে পাবনা অঞ্চলের বিজয়ীরা

৪ এপ্রিল ২০১৪, ২১ চৈত্র ১৪২০। সকাল নয়টায় আমরা যখন পাবনা জিলা স্কুলের মাঠে পৌঁছাই, তখন স্কুলের মাঠ কচিকাঁচায় ভরপুর, কলকণ্ঠে মুখর। যদিও তখনো উদ্বোধন হয়নি অনুষ্ঠানের, তবু উৎসাহী অংশগ্রহণকারীরা অনেকেই তাদের সম্ভাব্য পরীক্ষার কক্ষগুলো খুঁজে বের করার কাজে নেমে পড়েছে। আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় সকালে অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হয়েছে, তবে তাতে আগ্রহে এতটুকু ভাটা পড়েনি।

প্রশ্নোত্তর পর্বে ছিল আনন্দের নানা উপলক্ষ
প্রশ্নোত্তর পর্বে ছিল আনন্দের নানা উপলক্ষ

সহস্রাধিক শিশু-কিশোরের প্রাণের আবেগে পাবনা জিলা স্কুল প্রাণবন্ত হয়ে উঠল। পাবনা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ আর জয়পুরহাট জেলার ১২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ভাষা প্রতিযোগের এই উৎসবে। হ্যাঁ, ৪০ মিনিটের একটা লিখিত পরীক্ষা ওরা দিয়েছে বটে, তবে এই আয়োজনে পরীক্ষা আদৌ মুখ্য নয়; দিনভর যেন মাতৃভাষাকে নিয়ে প্রাণের মেলায় আনন্দযজ্ঞে মেতে থাকা। এই আনন্দযজ্ঞে শামিল হয়েছে যেমন উচ্চমাধ্যমিক পর্যায়ের সদ্য তরুণ, তেমনি চতুর্থ শ্রেণীর ছোট্ট শিশুরাও। আর কী অকুতোভয়, নিঃসংকোচ আর বুদ্ধিদীপ্ত ওরা!
ভাষা প্রতিযোগের ১০ বছর চলছে। একটা বিষয় স্পষ্ট যে এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে মাতৃভাষা সম্পর্কে জিজ্ঞাসু করে তুলেছে। এ জিজ্ঞাসার উত্তর সন্ধানেও তারা দ্বিধাহীন। মঞ্চে উপবিষ্ট গুরুগম্ভীর বয়স্ক মানুষদের প্রতি তাদের শ্রদ্ধা আছে বটে, কিন্তু ভয় বা সংকোচের দূরত্ব নেই। সবাই প্রশ্ন করার জন্য ব্যাকুল। ওদের প্রশ্ন শুনে আশা জাগে মনে। চতুর্থ শ্রেণীর ছোট্ট রাইয়ান, চেয়ারে না দাঁড়ালে যাকে দেখাই দুষ্কর, সে ক্ষোভমিশ্রিত কণ্ঠে বলে, ‘কথা বলার সময় কেন অনেকেই বাংলা ভাষার ভেতরে এত ইংরেজি শব্দ ব্যবহার করে?’ তার চেয়ে বড় একজন (নাম মনে করতে পারছি না বলে দুঃখ হচ্ছে) রীতিমতো চর্যাপদের চারটি বাক্য উদ্ধৃত করে জানতে চায়, এর রচয়িতা যে নারী, সে বিষয়ে কি নিশ্চিত প্রমাণ আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলাম যথার্থই বলেছেন, ওদের বয়সে আমরা চর্যাপদের নামও শুনিনি। মাতৃভাষা সম্পর্কে সচেতনতা আর আগ্রহ সঞ্জীবিত হয় দেশপ্রেমে। বায়ান্নর ভাষাপ্রেমের রক্তাক্ত মাটিতে স্বাধীনতার বীজ উপ্ত হয়। আজকের তরুণ প্রজন্মের ভাষার প্রতি ভালোবাসার পলিমাটিতে ওদের দেশপ্রেমের অমল উদ্ভাসনই যেন প্রত্যক্ষ হয়ে উঠল। আমরা যেন এ আশাজাগানিয়া উদ্ভাসনকে কাজে লাগাতে পারি।
ফেরদৌস আরা বেগম
উপাধ্যক্ষ (দিবা, সিনিয়র), ঢাকা রেসিডেনশিয়াল
মডেল কলেজ