ভাষার দিনে বর্ণ নিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে বর্ণমেলার আনন্দঘন নানা আয়োজন। এমনই এক আয়োজনে বাংলা বর্ণমালার প্রথম বর্ণ ‘অ’–তে তুলির আঁচড় দিচ্ছে শিশুটি। ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
চলছে বর্ণমেলার আনন্দঘন নানা আয়োজন। এমনই এক আয়োজনে বাংলা বর্ণমালার প্রথম বর্ণ ‘অ’–তে তুলির আঁচড় দিচ্ছে শিশুটি। ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল রোববার রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে দিনভর ছিল বর্ণমেলার আনন্দঘন আয়োজন। প্রথম আলো ও সার্ফ এক্সেল যৌথভাবে এই আয়োজন করে। অনুষ্ঠানের সম্প্রচার-সহযোগী ছিল চ্যানেল নাইন। একুশের দিনে বর্ণমেলা হয়ে উঠেছে অন্যতম প্রধান আকর্ষণীয় অনুষ্ঠান। হাজার হাজার শিশু-কিশোর ও তাদের অভিভাবক দিনভর মেলায় আনন্দঘন সময় কাটান।
ঢাকায় সপ্তম: ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে ঢাকায় বর্ণমেলার আয়োজন শুরু হয়েছিল ২০১০ সালে। এ বছর ছিল মেলার সপ্তম আয়োজন। সকাল নয়টায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সুরের ধারার শিল্পীদের কণ্ঠে জাতীয় সংগীত দিয়ে আনুষ্ঠানিকতার সূচনা হয়। সূচনা ভাষ্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। এরপর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংবাদিক ও লেখক শাহনাজ মুন্নী, অভিনয়শিল্পী জয়া আহসান ও ভারতে সদ্য সমাপ্ত এসএ গেমসে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ মাবিয়া আক্তার। বেলুন উড়িয়ে তাঁরা মেলার উদ্বোধন করেন। পরে তাঁরা প্রতীকী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং পরিচালক জাভেদ আখতার।
পরে দিনভর ছিল ফরিদা পারভীন, কিরণ চন্দ্র রায়, খায়রুল আনাম শাকিল, চন্দনা মজুমদার, বাউল শফি মণ্ডল, ফকির শাহাবুদ্দিনসহ বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় একক ও দলীয় সংগীত, আবৃত্তি, পাপেট শো, জাদু, শিশুদের পরিবেশনা, শিশু-কিশোর চিত্রাঙ্কন, হাতের লেখা, টিশার্টে নকশা আঁকার প্রতিযোগিতা, হাতেখড়ি ও বিভিন্ন আনন্দঘন আয়োজন।
চট্টগ্রামে পঞ্চম: চট্টগ্রামে এবার বর্ণমেলার ছিল পঞ্চম আয়োজন। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে রক্ত করবীর শিল্পীদের পরিবেশিত জাতীয় সংগীত দিয়ে মেলার সূচনা। বর্ণখচিত বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। উপস্থিত ছিলেন অধ্যাপক মাহাবুবুল হক। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এখানেও ছিল বর্ণ নিয়ে মজার মজার আয়োজন। গান গেয়ে মাতিয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ, রন্টি, কর্নিয়া, পুলকসহ জনপ্রিয় শিল্পীরা।
রাজশাহীতে প্রথম: রাজশাহীতে এবার প্রথম আয়োজিত হলো বর্ণমেলা। স্থানীয় কলেজিয়েট স্কুল মাঠে অরুণোদয় সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশিত জাতীয় সংগীতের সঙ্গে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মতিন, শিল্পী এন্ড্রু কিশোর ও প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজিয়েট স্কুল ও কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম। ঢাকা-চট্টগ্রামের মতো অনুরূপ আয়োজন ছিল রাজশাহীতেও। বিশিষ্ট শিল্পীদের মধ্যে গান শুনিয়েছেন পূর্ণ চন্দ্র দাস, পলাশ, আতিক মেহেদী, লুইপা প্রমুখ।