ভাষার প্রশ্ন স্থগিতে ৮০ দৈনিকের সম্পাদক রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারি গুলিবর্ষণের পরের পরিস্থিতিতে ভীত নূরুল আমীন সরকার মার্চে ঢাকার আইনসভায় বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব পাস করেছিল। কিন্তু দুই মাস পর করাচিতে গণপরিষদে একই প্রস্তাব আনা হলে সেটি তিনি প্রতিহত করেন। গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রশ্ন অনির্দিষ্টকাল স্থগিত রাখার প্রস্তাব ৪১-১২ ভোটে পাস হয়েছিল।
ওই দিনই প্রধানমন্ত্রী নাজিমউদ্দীন সমগ্র পাকিস্তান থেকে দৈনিক সংবাদপত্রের ৮০ সম্পাদককে করাচিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভাষার প্রশ্নকে দলীয় রাজনীতি থেকে পৃথক করে দেখতে তিনি তাঁদের সহযোগিতা চান এবং সম্পাদকেরা সরকারকে সহযোগিতা দিতে সম্মত হয়েছিলেন।
১৯৫২ সালের ১৫ মে করাচির মার্কিন দূতাবাসের কাউন্সিলর ওয়ারউইক পার্কিনস ওয়াশিংটনকে পাঠানো এক বার্তায় (এয়ার পাউচ) এ তথ্য জানিয়েছিলেন।
গণপরিষদে কী পরিবেশে রাষ্ট্রভাষার প্রশ্ন স্থগিত রাখার প্রস্তাব পাস হয়েছিল, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন ওয়ারউইক পার্কিনস। তিনি লিখেছেন, মুসলিম লীগের সংসদীয় দল সামান্য মতভেদ এবং বিস্ময়করভাবে অল্প তিক্ততায় গণপরিষদে একটি সংশোধিত প্রস্তাব পাস করাতে সক্ষম হয়েছে। এতে বলা হয়েছে, ‘বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি হবে না, সে বিষয়টি স্থগিত থাকবে।’
পার্কিনসের মতে, এ পর্যন্ত এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ সফল হয়েছে। পূর্ব ও পশ্চিম উভয় পাকিস্তানে রাষ্ট্রভাষার প্রশ্ন পিছিয়ে দিতে সমর্থন পেয়েছেন। করাচিতে সম্পাদকদের আমন্ত্রণ জানানোর ওই ঘটনা ছিল নজিরবিহীন। জাতীয় দৈনিকের সম্পাদকেরা প্রধানমন্ত্রীর অনুরোধ রক্ষায় সহযোগিতা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নাজিমউদ্দীন উর্দুর শ্রেষ্ঠত্ব সম্পর্কে গত জানুয়ারিতে পূর্ববঙ্গে একটি ভ্রান্তিকর ঘোষণা দিয়েছিলেন। এতে মারাত্মক জাতীয় সমস্যা সৃষ্টি হয়েছিল।
একুশের ঘটনা ওই মার্কিন কূটনীতিকের বিবরণ মতে, কমিউনিস্টদের নেতৃত্বে ঢাকায় তখন দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সরকার এটা সাময়িকভাবে পাশে সরিয়ে রাখতে পেরেছে। যখন পাকিস্তান সংবিধান লেখা হবে, তখন ভাষার বিষয়টি আবার তোলা হবে। তবে সেটা গত দুই মাসের তুলনায় অনেক কম বিস্ফোরক পরিস্থিতিতে আলোচনার সুযোগ ঘটবে।
ওই প্রতিবেদনে বলা হয়, পূর্ব পাকিস্তানের নূর আহমেদ গণপরিষদে প্রস্তাব করেন যে, উর্দু ভাষার সঙ্গে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে। এর পরপরই খাদ্য ও কৃষিমন্ত্রী আব্দুস সাত্তার পীরজাদা এর বিকল্প প্রস্তাব আনেন। এতে বলা হয়, ‘রাষ্ট্রভাষা নির্ধারণে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যথাসময়ে এটি যখন বিবেচনার জন্য আসবে, তখন এ প্রশ্নের ফয়সালা করা হবে।’
নূর আহমেদের প্রস্তাবটি হিন্দু কংগ্রেস পার্টি সমর্থন করে। এই হিন্দু সদস্যদের অধিকাংশই পূর্ব পাকিস্তানের। তবে এটি আরও সমর্থন করেছে কমিউনিস্টপন্থী আজাদ পাকিস্তান পার্টি। এই সদস্যদের সবাই পশ্চিম পাকিস্তানি। কংগ্রেস পার্টি যুক্তি দেয় যে, পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন একান্তভাবে দেশজ আন্দোলন। এটা দেশের বাইরে থেকে এসেছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সঠিক নয়। কংগ্রেসের একজন সদস্য স্পষ্ট করেন যে, হিন্দুরা ভাষা বিক্ষোভে আদৌ কোনো ভূমিকা রাখেনি এবং ভবিষ্যতেও তারা তা করবে না।
পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী নূরুল আমীন যুক্তি দেন, ‘তারা আমাদের মধ্যে চিড় ধরাতে চাইছে। ওই কংগ্রেস পার্টি ধারণা তৈরি করছে যে, তাঁরাই যেন বাংলা ভাষা প্রচারের প্রবক্তা। প্রকৃতপক্ষে দুই ধরনের বাঙালি আছে। বাঙালি মুসলিম ও বাঙালি হিন্দু।’
ওই মার্কিন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, ভাষা বিষয়ে নূরুল আমীন তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থানের ব্যাখ্যা দেন। তিনি ইতিমধ্যেই অভিযুক্ত হন যে, পূর্ব বাংলা অ্যাসেম্বলিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তিনিই প্রস্তাব এনেছিলেন। পাস করার জন্য তিনিই তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন। এদিন নূরুল আমীন দাবি করেন যে, পূর্ব বাংলার অ্যাসেম্বলিতে আনা তাঁর একটি সংশোধনী প্রস্তাব পাস হয়নি। এতে বলা হয়েছিল যে, ‘পাকিস্তানের গণপরিষদের পরবর্তী অধিবেশনে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে যে, বাংলা হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা।’ এখন আমি আশাবাদী যে, বাংলাকে রাষ্ট্রভাষার প্রশ্ন এখন স্থগিত রাখলে সেটা ভালো ফল দেবে।