ভাষার বিকৃতি রোধ করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের নয়াসড়​েক কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল এইচএসবিসি-প্রথম আলো আয়োজিত সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা l প্রথম আলো
সিলেট নগরের নয়াসড়​েক কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল এইচএসবিসি-প্রথম আলো আয়োজিত সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা l প্রথম আলো

মাঠভর্তি বট, রেইনট্রি ও মেহগনি গাছের সবুজ পাতার ফাঁক দিয়ে ঠিকরে পড়ছিল সকালের সূর্যের আলো। মায়াবী এ সৌন্দর্যের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে ছিল কেউ কেউ। এ রকম পরিবেশে গতকাল শুক্রবার সকালে শুরু হয় সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগ।
সিলেট নগরের নয়াসড়ক এলাকার কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম আলো ও এইচএসবিসি আয়োজিত এ ভাষা উৎসবে শিক্ষার্থীরা বাংলা ভাষার বিকৃতি রোধ করার প্রত্যয় ব্যক্ত করে। দিনভর প্রতিযোগে ভাষার গান, ভাষার ঐতিহ্য অনুসন্ধান, প্রশ্নোত্তর-পর্ব, বর্ণ ও ভাষার কথা এবং ভাষাগত দক্ষতা যাচাইসহ নানা আয়োজন ছিল। এসব আয়োজনে শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। অতিথিরা বেলুন উড়িয়ে প্রতিযোগের শুভ সূচনা করেন। উল্লেখ্য, এ বছর এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ দেশের নয়টি অঞ্চলে অনুষ্ঠিত হবে। গতকাল সিলেট অঞ্চলের প্রতিযোগের মাধ্যমে দেশব্যাপী এ কর্মযজ্ঞের শুরু হলো।
উদ্বোধকের বক্তৃতায় গৌরা ঘোষ বলেন, ‘প্রথম আলো দীর্ঘদিন ধরে একটি চমৎকার আয়োজন নিষ্ঠার সঙ্গে করে চলেছে। শিক্ষার্থীদের বাংলা ভাষাপ্রীতি বাড়াতে এ ধরনের প্রতিযোগ সারা দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’
উদ্বোধনী-পর্ব শেষে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার প্রায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯২ জন শিক্ষার্থী ৩৫ মিনিটের পরীক্ষা-পর্বে অংশ নেয়। পরীক্ষা শেষে তারা পাঁচ মিনিটের বানান প্রতিযোগিতায়ও অংশ নেয়। এরপর শুরু হয় প্রশ্নোত্তর-পর্ব।
এ পর্বে ‘বাংলা ভাষা ভারতের কোন কোন অঞ্চলে প্রচলিত আছে’, ‘পাঠ্যপুস্তকে একই কবির জন্ম-মৃত্যু দুই রকম উল্লেখ করা রয়েছে কেন’, ‘একেক অঞ্চলের মৌখিক ভাষা একেক রকম কেন’, ‘বাংলা কথার মাঝখানে ইংরেজি ভাষা ব্যবহার করা ভুল কি না’—শিক্ষার্থীদের এ রকম নানা জিজ্ঞাসু প্রশ্ন ছিল। মজার ও তথ্যবহুল সব প্রশ্ন করে শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে কিশোর আলো পত্রিকা জিতে নেয়।
শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ভাষা প্রতিযোগের সমন্বয়কারী তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা।
এরপর ছিল বানান প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার বিজয়ীদের ‘বানান বীর’ অভিধায় অভিহিত করা হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আতকিয়া আতিয়া, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাশ্বত রাজ চৌধুরী ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফেরদৌসী নাসরিন।
এক ঘণ্টার বিরতির পর বেলা পৌনে দুইটার দিকে দ্বিতীয় পর্বের শুরুতেই ছিল ব্যান্ডদল ‘ত্রিমান’-এর পরিবেশনা। ‘ত্রিমান’ দলের ভোকাল সুস্মিতা দে হাসন রাজা ও শাহ আবদুল করিমের গানসহ চারটি গান পরিবেশন করেন। পরে এক সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মাহবুবুল হক ও তারিক মনজুর। এ সময় মঞ্চে কবি তুষার করসহ ভাষাবিদেরা উপস্থিত ছিলেন। এ পর্বে আয়োজকদের পক্ষ থেকে কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষের হাতে ‘ভেন্যু-স্মারক’ তুলে দেওয়া হয়।
বক্তৃতায় অধ্যাপক মাহবুবুল হক বলেন, ‘সিলেটে খুদে শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি আগ্রহ, মমতা ও ভালোবাসা আমাদের প্রাণিত করেছে। শুদ্ধ বাংলা ভাষা নিয়ে নতুন প্রজন্মের মধ্যে কৌতূহল ও আগ্রহ আমাদের স্পর্শ করেছে। বাংলা ভাষাকে বিকৃত করার যে অপচেষ্টা চলছে, নতুন প্রজন্মকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
তারিক মনজুর বলেন, ‘বাংলা ভাষার শুদ্ধ ও সঠিক রূপচর্চার মাধ্যমেই একজন বাংলাভাষী মানুষ নিজেকে দেশপ্রেমিক হিসেবে দাবি করতে পারেন।’ এরপর বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি মাহবুবুর রহমান।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে ভাগ করা হয়েছিল। এর মধ্যে সর্বমোট ৬১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগে অংশ নেবে।