ভাষার শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন ভাষানীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষার শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন সময়ে অনেক চেষ্টা হয়েছে। কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভাষা-পরিকল্পনা গ্রহণ করা হয়নি। ভাষার শৃঙ্খলা রক্ষার জন্য ভাষানীতি প্রয়োজন। এ জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।
গতকাল শুক্রবার রাজশাহীতে ‘বাংলাদেশের ভাষানীতি ও ভাষা-পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলা ভাষা নিয়ে দুই দিনব্যাপী বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। মূল প্রবন্ধ পড়েন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানে এ বি এম খায়রুল হক বলেন, ‘স্বাধীনতার ৪৩ বছর পর ভাষানীতি নিয়ে সেমিনার করার প্রয়োজন হয়, তাতে বোঝা যায় আমরা কতটা পিছিয়ে আছি। বাংলাকে গণমুখী ভাষা হিসেবে তৈরি করার জন্য নীতিমালা করা প্রয়োজন। না হলে আরও ৪৩ বছর পর দেখব আমাদের উত্তরসূরিরাও এ ধরনের সেমিনার করছে।’ সাবেক প্রধান বিচারপতি বলেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইংরেজি ভাষা শিখতে হবে। কিন্তু তার মানে এই নয় আমরা বাংলাকে গোলমেলে করে ফেলব। আর দেরি নয়, এখনই ভাষানীতি নিয়ে কাজ করতে হবে।’
মূল প্রবন্ধে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সংবিধানে ভাষানীতির মূল ভিত্তি রচিত হলেও ভাষা-পরিকল্পনার অভাবে তা কার্যকর হতে পারেনি। ভাষা-পরিকল্পনায় ভাষার প্রাণশক্তি বিবেচনা করা হয়। ৯০ শতাংশের বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাই সর্বোচ্চ মর্যাদাই বাংলারই প্রাপ্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
আইবিএসের পরিচালক অধ্যাপক এম শহীদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইবিএসের অধ্যাপক স্বরোচিষ সরকার।
উদ্বোধনী অধিবেশনের পর ‘বাংলাদেশের ভাষানীতি ও ভাষা-পরিকল্পনা: প্রসঙ্গ ভাষার শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ শনিবার আরও তিনটি সেমিনার হবে। এসব সেমিনারের বিষয় হচ্ছে ‘বাংলাদেশের ভাষানীতি ও ভাষা-পরিকল্পনা: প্রসঙ্গ আদালতের ভাষা’, ‘বাংলাদেশের ভাষানীতি ও ভাষা-পরিকল্পনা: প্রসঙ্গ দাপ্তরিক ভাষা’ এবং ‘বাংলাদেশের ভাষানীতি ও ভাষা-পরিকল্পনা: প্রসঙ্গ যোগাযোগের ভাষা’।