ভাষার সমুদ্রে ভেসে গিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজুহিরো ওয়াতানাবে
কাজুহিরো ওয়াতানাবে

কোনো ভিনদেশের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় নানাজন নানাভাবে। বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্কের সূত্রপাত ভাষার মাধ্যমে, বাংলা ভাষার টানে।
জীবনে প্রথমবার এই ভাষার সংস্পর্শে আসি প্রায় ৪০ বছর আগে, ১৯৭৪ সালের যেদিন টোকিওর একটি সিনেমা হলে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি দেখতে গেলাম, ঠিক সেদিনই। আমি তখন টোকিও বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ে হিন্দি বিভাগর ছাত্র। ক্লাসে একদিন স্যার বললেন, টোকিওতে ভারতীয় ফিল্ম দেখানো হচ্ছে, তোমরা একবার গিয়ে দেখে এসো, যদিও ছবিতে ব্যবহূত ভাষা হিন্দি নয়, বাংলা। তখনকার দিনে এশিয়ার কোনো দেশে নির্মিত চলচ্চিত্র জাপানে দেখতে পারাটা ছিল অত্যন্ত বিরল ঘটনা। স্যারের কথা শুনে কৌতূহলী হলাম। একদিন গিয়ে হাজির হলাম সেই ছোট্ট প্রেক্ষাগৃহে। পর পর প্রদর্শিত হলো পথের পাঁচালি, অপরাজিত এবং অপুর সংসার। টানা ছয় ঘণ্টা বসে সিনেমা দেখে শরীর বেশ ক্লান্ত হয়ে পড়লেও মানসিকভাবে তৃপ্তি বোধ করছিলাম। শুধু যে সিনেমার কাহিনি ভালো লেগেছে তা নয়, বাংলা ভাষার ধ্বনিও আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছিল।
সেদিন থেকে বাংলা শিখতে উদ্বুদ্ধ হলাম। কিন্তু সে সময় জাপানে ভাষাটি শিখতে চাইলেও সেরকম কোনো ব্যবস্থা ছিলই না প্রায়। টোকিও বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়সহ কোনো বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু হয়নি তখনো। বাংলা ভাষার ব্যাকরণের কোনো বইও বাজারে পাওয়া যেত না।
তবে অপ্রত্যাশিতভাবে আমার বাংলা শেখার সুযোগ হয়েছিল তার পরের বছর ১৯৭৫ সালে। জুলাই-আগস্ট মাসে গরমের ছুটি চলাকালে বাংলা ভাষার বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয় আমার বিশ্ববিদ্যালয়ে। ভাষাতত্ত্বের অধ্যাপক ৎসুয়োশি নারা ক্লাস নিতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক নারা তখন টোকিও বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট একটি গবেষণাকেন্দ্রে অধ্যাপক ছিলেন। তিনি সাধারণত বিশ্ববিদ্যালয়টিতে পড়াতেন না, বরং নিজের গবেষণার কাজে নিবিষ্ট থাকতেন। কিন্তু সে বছর বিশেষ কোর্সটি পরিচালনার উদ্যোগ নিলেন তিনি। সপ্তাহে পাঁচ দিন, দিনে ছয় ঘণ্টা করে মোট ৪০ দিন বাংলা শেখার সুযোগ হলো আমার। অক্ষরজ্ঞানের সঙ্গে সঙ্গে প্রাথমিক ব্যাকরণ ও বাংলায় কথোপকথন রপ্ত করতে পেরেছিলাম। ১৫ আগস্ট ক্লাস চলাকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের খবর পেলাম, সে কথা মনে আছে।

ঢাকার রাস্তায় লোকের ভিড় ও যানজট টোকিওকে ছাড়িয়ে গেছে। ছবি: সাহাদাত পারভেজ
ঢাকার রাস্তায় লোকের ভিড় ও যানজট টোকিওকে ছাড়িয়ে গেছে। ছবি: সাহাদাত পারভেজ

কোর্সটি শেষ হয়ে যাওয়ার পরও এতে অংশগ্রহণকারী কয়েকজনের সঙ্গে মিলে সপ্তাহে এক দিন বাংলার চর্চা চালিয়ে যাচ্ছিলাম নারার কাছে।
এভাবে দিন চলত। আমার বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়ে যাওয়ার দিন ঘনিয়ে আসছিল। পড়াশোনার পর্ব শেষ করে পরবর্তী সময়ে কী করব, সে ব্যাপারে মন স্থির করতে পারছিলাম না তখনো। ইচ্ছা ছিল বাংলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজ করার, কিন্তু তখনকার দিনে সেরকম কোনো স্থায়ী চাকরি পাওয়া যেত না। ঠিক করলাম, আপাতত মাস্টার্স করব, ভাগ্য যদি ভালো হয়, তবে মনের মতো চাকরি জুটে যেতেও পারে। তারপর একদিন বিশ্ববিদ্যালয়ের অফিসে গিয়ে জানলাম, এ দেশের বৃহত্তম সম্প্রচার সংস্থা জাপান ব্রডকাস্টিং করপোরেশন এনএইচকের বৈদেশিক সম্প্রচার বিভাগ রেডিও জাপানের তরফ থেকে লোক চাওয়া হচ্ছে বাংলা অনুষ্ঠানের প্রযোজক হিসেবে কাজ করার জন্য। সঙ্গে সঙ্গে দরখাস্ত করলাম এবং সৌভাগ্যবশত পেয়ে গেলাম চাকরিটি।
১৯৭৭ সালে চাকরিতে ঢোকার পর ৩৬ বছর কেটে গেছে। নানা ঘটনা ঘটে গেছে এত দিনে কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে। বহু আনন্দময় স্মৃতির পাশাপাশি কিছু দুঃখজনক অভিজ্ঞতাও হয়েছে। এখন ভাবলে সবকিছু অল্প ঘুমের মধ্যে দেখা স্বপ্নের মতো মনে হয়। কর্মক্ষেত্রে বেশ কজন বাঙালি সহকর্মীর সঙ্গে কাজ করার সুবাদে আরও অনেক কিছু জানার সুযোগ হয়েছে।

পেশাগত কারণে বাংলাদেশে প্রথমবারের মতো যাই ১৯৮২ সালে। এরপর প্রধানত কাজের সূত্রে ১০ বারেরও বেশি সুযোগ হয়েছে সে দেশে যাওয়ার। ঢাকায় যতবার যাই, ততবারই দেখি রাস্তায় গাড়ি ও লোক বেড়ে চলেছে। ঢাকার চেহারা যে নিরবচ্ছিন্নভাবে বদলে যাচ্ছে।

আমি অবশ্য ভালোবাসি শান্ত ও নিরিবিলি পরিবেশের মধ্যে থাকতে। আমার জন্ম ও বড় হয়ে ওঠা গ্রামাঞ্চলে। সে কারণে হয়তো টোকিওতে বহু দিন থাকা সত্ত্বেও জনাকীর্ণ এই মহানগরের জীবনে এখনো নিজেকে মানিয়ে নিতে পারছি না। ঢাকার রাস্তায় লোকের ভিড় ও যানজট টোকিওকে ছাড়িয়ে গেছে। তাই সেখানে গিয়ে স্বভাবতই অস্বস্তি লাগে। তা সত্ত্বেও, স্বীকার করতে হয় যে ঢাকায় গেলে আনন্দের অনুভূতিও হয়। এর কারণ সম্ভবত এই যে বাংলাদেশে পৌঁছানোর পর বাংলা এমনিতেই কানে চলে আসে, রাস্তায় বেরোলে শুনতে পাই সবাই বাংলায় কথা বলছে এবং টেলিভিশন খুললে খবর বা নাটক হচ্ছে বাংলায়। এ কথা একেবারে মামুলি ঘটনার মতো শোনালেও আমার জন্য এটি অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বিষয়। এমন পরিবেশের মধ্যে থেকে অনুভূতি হয় যেন বাংলা ভাষার সমুদ্রে ভাসছি। সেই ভাবনা আমাকে পরম আনন্দ দেয়।

বাংলা পড়তে শুরু করার পর একটি শর্ট ওয়েভ রেডিও কিনেছিলাম বিবিসি ও ভোয়ার মতো বিদেশি সম্প্রচারকেন্দ্র থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শোনার জন্য। শর্ট ওয়েভ হওয়ার কারণে শ্রবণমান সব সময় ভালো ছিল না। কখনো কখনো জোরালো ও পরিষ্কার শোনা যেত, আবার কখনো কখনো হঠাৎ ক্ষীণ হয়ে যেত অথবা একেবারে মিলিয়ে যেত। ক্ষুদ্র তরঙ্গ ছিল সমুদ্রের ঢেউয়ের মতো, যা সজোরে কিনারায় আসার পর আবার চলে যায়। রেডিওর নব ঘোরাতে ঘোরাতে সেই ঢেউ খোঁজার কাজে মনোনিবেশ করতাম।

এখন ঢাকা শহর আমার কাছে বিশাল একটা রেডিওর মতো মনে হয়। সে অনবরত পৌঁছে দিয়ে যায় বাংলা ভাষার ঢেউয়ের গুঞ্জন। চোখ বুঝে সেই শব্দ শুনতে থাকলে মনে হয় যেন বিশাল সমুদ্রের ঢেউয়ের ওপর দিয়ে ভেসে যাচ্ছি।

গত বছর টোকিও বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু হয়েছে। সেখানে বাংলা পড়াতে শুরু করেছি। বাংলা ভাষার সমুদ্রে ভেসে যাওয়ার যে আনন্দময় অনুভূতি, আমার ছাত্রছাত্রীরাও যেন সেটি উপলব্ধি করতে পারে, সে কথা ভাবতে ভাবতে ক্লাস নিতে থাকি।

লেখাটি বাংলায় রচিত