ভাষাশহীদ আবদুল জব্বার সড়ক বেহাল

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভাষাশহীদ আবদুল জব্বার সড়কের ভারইল বাজার থেকে ভাষাশহীদ আবদুল জব্বারের পৈতৃক বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে।
এতে প্রায় ১০টি গ্রামের মানুষের ভোগান্তির পাশাপাশি ‘ভাষাশহীদ আবদুল জব্বার স্মৃতিজাদুঘর ও গ্রন্থাগারে যেতে আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সরকারের উদ্যোগে ২০০৮ সালে পাঁচুয়া গ্রামে (প্রস্তাবিত জব্বার নগর) ভাষাশহীদ আবদুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করা হয়। ওই সময় মানুষের চলাচলের সুবিধার জন্য গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল বাজার থেকে স্মৃতি জাদুঘর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক পাকা করা হয়। কিন্তু নির্মাণের পর থেকে একবারও সংস্কার না করায় প্রায় তিন বছর ধরে সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার ভাষাশহীদ আবদুল জব্বার সড়কে গিয়ে দেখা যায়, আনুমানিক তিন কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশের কার্পেটিং উঠে গিয়ে ইট বের হয়ে আছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে।
সড়কের পাঁচুয়া গ্রামে দেখা যায়, একটি অংশের বড় গর্ত গ্রামবাসী মাটি ফেলে ভরাট করছেন। এ সময় স্থানীয় রুস্তম আলীসহ আরও অনেকে জানান, সড়কটি দিয়ে উপজেলার পাঁচুয়া, খারুয়া মোকন্দ, লাউতৈল, ভারইল, মুখী গ্রামের ও পাশের ভালুকা উপজেলার বিরুনিয়াসহ মোট ১০টি গ্রামের লোকজন চলাচল করেন। এ ছাড়া মাঝেমধ্যে দূর থেকে ভাষাশহীদ আবদুল জব্বার স্মৃতিজাদুঘর দেখতেও লোকজন আসেন।
কিন্তু সড়কটির বেহাল দশার কারণে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ এখন বিকল্প পথে চলাচল করেন। একই কারণে ওই সড়কে ইজিবাইক ও রিকশাচালকেরা যেতে অনাগ্রহ দেখান বলে দর্শনার্থীরা স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারে যেতে ভোগান্তিতে পড়েন। সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা উচিত। তাহলে দর্শনার্থীদের আগ্রহ বাড়বে।
ভাষাশহীদ আবদুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের গ্রন্থাগারিক কায়সারুজ্জামান জানান, তাঁর বাড়ি জাদুঘর ও গ্রন্থাগার থেকে পাঁচ কিলোমিটার দূরে দৌলতপুর গ্রামে। তিনি প্রতিদিন ওই সড়ক দিয়ে বাড়ি থেকে কর্মস্থলে যেতেন। কিন্তু সড়কটির বেহাল দশায় ছয় মাস ধরে তিনি প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে বিকল্প পথে কর্মস্থলে আসা-যাওয়া করছেন। গুরুত্বপূর্ণ বই থাকলেও দিনের বেশির ভাগ সময়ই গ্রন্থাগার থাকে পাঠকশূন্য। সড়কের বেহাল দশার কারণে হয়তো পাঠক আসেন না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গফরগাঁও উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন বলেন, সড়কটি এক দিনে খারাপ হয়নি। গত দুই থেকে তিন বছরে একটু একটু করে খারাপ হয়েছে। সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানিয়ে আবেদন করা হয়েছে।