ভাষাশহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামফলক উন্মোচন
ফেনীর দাগনভূঞা উপজেলার ভাষাশহীদ আবদুস সালাম নগর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভাষাশহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান আনুষ্ঠানিকভাবে ভাষাশহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামফলক উন্মোচন করেন। এর আগে বিদ্যালয়টির নাম ছিল লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ভাষাশহীদ আবদুস সালাম নগর গ্রামের আগের নাম ছিল লক্ষ্মণপুর।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘ভাষাশহীদ আবদুস সালাম আমাদের গর্ব। তাঁর নামে গ্রামে একটি শিশুপার্ক করা হবে।’
নামফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞার ইউএনও মো. সাইফুল ইসলাম ভূঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যার দিদারুল কবীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম, ভাষাশহীদ আবদুস সালামের ছোট ভাই আবদুল করিম।