ভাষাশহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর এখনো পূর্ণতা পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার চার বছর পরও পূর্ণাঙ্গতা পায়নি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালাম নগরের ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। জাদুঘরে ভাষাশহীদের একটি পোট্রেট ছাড়া আর কোনো স্মৃতিচিহ্ন নেই। একজন গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হলেও তিনি নিয়মিত গ্রন্থাগারটি খোলেন না বলে অভিযোগ রয়েছে। গত চার বছরেও গ্রন্থাগারের সবগুলো বই আলমারিতে তোলা হয়নি। বইয়ের তালিকা পর্যন্ত করা হয়নি। এ ছাড়া গ্রন্থাগারে কোনো ধরনের স্থানীয় বা জাতীয় পত্রিকাও রাখা হয় না।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গ্রন্থাগারটি তালাবদ্ধ। রক্ষণাবেক্ষণের অভাবে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটির ভেতরে-বাইরে ধুলাবালি জমে গেছে। সামনের জানালার একটি অংশ চুরি হয়ে গেছে। সামনের অংশের বিদ্যুতের সুইচ, হোল্ডার এমনকি তারগুলোও চোরেরা ছিঁড়ে নিয়ে গেছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুজিব মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আবুল কাশেম ও রফিকুল হক অভিযোগ করেন, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে তাঁরা দুবার ভাষাশহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি দেখতে গিয়েছিলেন। কিন্তু বন্ধ থাকার কারণে কিছু দেখতে বা কিছু জানতে পারেননি।২০০৮ সালের ২৬ মে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন। জেলা পরিষদ সূত্র জানায়, জেলা পরিষদের তত্ত্বাবধানে ভাষাশহীদ আবদুস সালামের পৈতৃক বাড়ির অদূরে ১২ শতক জমির ওপর প্রায় ৬৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে এ এটি নির্মাণ করা হয়। উদ্বোধনের দিন অনেক মূল্যবান বই গ্রন্থাগারে দেওয়া হয়।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম মৈনুর প্রথম আলোকে জানান, গ্রন্থাগারটি উদ্বোধনের পর প্রথমে দৈনিক মজুরির ভিত্তিতে একজন তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) নিয়োগ দেওয়া হয়েছিল। কিছুদিন পর ওই তত্ত্বাবধায়ক চলে গেলে একজন গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হয়। তিনিও কিছু দিন চাকরি করে চলে যান। সর্বশেষ গত বছরের ১৩ ফেব্রুয়ারি শহীদ আবদুস সালামের ছোট ভাইয়ের মেয়ে খাদিজা আক্তারকে মাসিক ছয় হাজার টাকা বেতনে গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিছুদিন যেতে না যেতেই অভিযোগ পাওয়া যায়, খাদিজা নিয়মিত গ্রন্থাগারটি খোলেন না। তাঁকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়। পরে তিনি গ্রন্থাগারটি নিয়মিত খোলার লিখিত অঙ্গীকার করেন। এর পরও তিনি নিয়মিত গ্রন্থাগার খুলছেন না। তবে গ্রন্থাগারে স্থানীয় বা জাতীয় পত্রিকা রাখার কোনো বরাদ্দও নেই।জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী প্রথম আলোকে জানান, তিনিও বৃহস্পতিবার বিকেলে পরিদর্শনে গিয়ে গ্রন্থাগারটি বন্ধ পেয়েছেন। গ্রন্থাগারটি দেখাশোনার জন্য গ্রন্থাগারিক ছাড়াও কয়েক দিনের মধ্যেই আরও একজন কেয়ারটেকার নিয়োগ দেওয়া হবে।তবে মুঠোফোনে খাদিজা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তাঁকে জেলা পরিষদ কার্যালয় থেকে বেলা তিনটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত গ্রন্থাগার খোলার দায়িত্ব দেওয়া হয়েছে। দূরের লোকজন গ্রন্থাগার দেখতে সকালে আসেন। তখন তাঁরা বন্ধ দেখতে পান।