ভাষাশহীদ আবুল বরকতের স্বজনদের কাছে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বসবাসকারী ভাষাশহীদ আবুল বরকতের ভাতিজাদের কাছে চাঁদা দাবি ও তাঁদের হয়রানি করার অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সফর আলীর বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে শহীদ বরকতের ভাতিজা আইন উদ্দিন বরকত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সফর আলী গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও দপ্তর সম্পাদক এবং জেলা কৃষক লীগের সদস্য।
আইন উদ্দিন বরকতের লিখিত অভিযোগে বলা হয়েছে, ১৯৮১ সালে তৎকালীন সরকার গাজীপুর সদর উপজেলার নলজানি মৌজায় কাচারীবাড়ির ৬৮ শতাংশ জমি শহীদ বরকতের মা হাজী হাসিনা বিবির বরাবর দুই টাকার স্ট্যাম্পে চিরস্থায়ী বন্দোবস্ত দেয়। তৎকালীন ভূমিমন্ত্রী, স্থানীয় সাংসদ ও মহকুমা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে ওই বাড়ির দখল বুঝিয়ে দেন। ১৯৮১ সালের ২১ এপ্রিল হাসিনা বিবি মারা যান। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওই জমিতেই তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুর পর ওয়ারিশেরা তাঁদের নামে এসএ (সাবেক দাগে) নামজারি ও জমা ভাগ করেন। এরপর শহীদ বরকতের জীবিত উত্তরাধিকারীরা সেখানে ভোগ দখলে আছেন। ওই জমির কিছু অংশে তাঁরা দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। ওই ভাড়ার টাকা থেকেই তাঁদের জীবিকা নির্বাহ হচ্ছে।
সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) ওই জমির আরএস দাগে নামজারি জমাভাগের প্রস্তাব করলে কাউন্সিলর মো. সফর আলী তাতে বাধা দেন এবং জমির রকম পরিবর্তনের অভিযোগ এনে জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর নামজারি জমাভাগ না করতে আবেদন ও মিসকেস জমা করেন। অপরদিকে ওই মিসকেস তুলে নেওয়ার শর্তে কাউন্সিলর বিভিন্ন সময় তাঁর লোকমারফত তাঁদের কাছে কখনো ১০ লাখ, কখনো ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করেন।
আইন উদ্দিন বরকত বলেন, ‘২০০০ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বরকতকে যে মরণোত্তর একুশে পদক প্রদান করেন তা যাচাই-বাছাই করে তাঁর ওয়ারিশ বরকতের বড় ভাতিজা আলাউদ্দিন বরকতের কাছে হস্তান্তর করেন। এ ছাড়া শহীদ বরকতের নামে বরাদ্দ করা ভাতা আমি উত্তোলন করছি। এসব কিছুই হচ্ছে স্থানীয় প্রশাসন কর্তৃক যাচাই-বাছাইয়ের পর। সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর (১৭ নম্বর ওয়ার্ড) মেহেদী হাসান ফারুক নামজারির প্রয়োজনে ওয়ারিশ সনদে আমাদের হাসিনা বিবির ওয়ারিশ বলে উল্লেখ করেছেন।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর সফর আলী দাবি করেন, ভোগদখলকারীরা শহীদ বরকতের মা হাসিনা বিবির কোনো ওয়ারিশ নন। তাঁরা সরকারি জমি অবৈধভাবে ভোগ দখল করে মোটা অঙ্কের টাকায় ভাড়া তুলছেন। সরকারি স্বার্থে তিনি নামজারি জমাভাগ না করতে আবেদন ও মিসকেস জমা করেন।
তবে সফর আলী বলেন, ‘ওই জমিতে তাঁরা (বরকতের ভাতিজারা) যদি শহীদ বরকতের সঞ্চৃতি স্তম্ভ, মসজিদ বা মাদ্রাসা তৈরি করেন আমার কোনো আপত্তি নেই।’
যোগাযোগ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমান প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের নির্দেশে গত বুধবার তিনি ঘটনাস্থলে গিয়ে বরকতের পরিবারের সদস্য ও কাউন্সিলের সঙ্গে কথা বলেন এবং জমির কাগজপত্র দেখেন। তিনি সহকারী কমিশনারকে (ভূমি) মিসকেসের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে বলেছেন।
ইউএনও বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে ভাষাশহীদ বরকতের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।