ভাষাশহীদ সালাম গ্রন্থাগার ও জাদুঘর বন্ধ ছয় মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি প্রায় ছয় মাস ধরে বন্ধ। গ্রন্থাগারের ভেতর ও বাইরে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। ভবনের একটি জানালা ভেঙে গেছে, বৈদ্যুতিক সুইচবোর্ডগুলো নষ্ট। এখানে কোনো গ্রন্থাগারিক বা তত্ত্বাবধায়ক না থাকায় এ অবস্থা তৈরি হয়েছে বলে এলাকাবাসী জানান। জেলা পরিষদ সূত্র ও এলাকাবাসী জানান, উপজেলার মাতুভূঞা ইউনিয়নে ভাষাশহীদ সালামের গ্রাম। আগে গ্রামের নাম ছিল লক্ষ্মণপুর। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে গ্রামের নাম ‘সালাম নগর’ করা হয়। প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে শহীদ সালামের বাড়ির অদূরে নির্মাণ করা হয় ‘ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’। ২০০৮ সালের ২৬ মে উদ্বোধনের দিনই গ্রন্থাগারে কয়েক হাজার বই দেওয়া হয়। গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর প্রথমে দৈনিক ১২০ টাকা মজুরিতে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় জেলা পরিষদ। কিছুদিন পরই তিনি চলে যান। পরে একজন গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হয়। তিনিও কয়েক দিন পর চলে যান। প্রায় ছয় মাস ধরে স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারটি দেখাশোনার কেউ নেই। ভাষাশহীদ আবদুস সালামের ছোট ভাই আবদুল করিম ও গ্রামের বৃদ্ধ নূর আহম্মদসহ এলাকার লোকজনের মতে, এত কম বেতনে বাইরের লোক নিয়োগ দিলে তারা থাকবে কেন? জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মৈনুর জানান, গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য সালামের পরিবারের একজনকে গ্রন্থাগারিক হিসেবে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তারা চলে যাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।