২০১৩ শিক্ষাবর্ষে মুদ্রিত তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক আমার বাংলা বই-এ ভাষাশহীদ আবদুস সালামের জন্মস্থান সংশোধন করে একটি পরিপত্র জারি করেছে সরকার। পরিপত্রটি ইতিমধ্যে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীন চলতি ২০১৩ শিক্ষাবর্ষে মুদ্রিত তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে ‘ভাষা শহীদদের কথা’ শিরোনামে নিবন্ধে ভাষাশহীদ আবদুস সালামের বাড়ি নোয়াখালী বলে উল্লেখ করা হয়। পরিপত্রে বলা হয়, তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের ২০ নম্বর পৃষ্ঠায় ভাষাশহীদ আবদুস সালামের বাড়ি নোয়াখালী জেলা বলে মুদ্রিত হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তা হবে ফেনী জেলায়।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব ব্রজ গোপাল ভৌমিক স্বাক্ষরিত পরিপত্রটি ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গত ২০ ফেব্রুয়ারি। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ পরিপত্রটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।